বেসরকারি হাসপাতালে সরকারি নজরদারি বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি হাসপাতালগুলোয় চিকিৎসাসেবা উন্নত করতে সরকারি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে দুটি নাগরিক সংগঠন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে নাগরিক সংহতি ও সুরক্ষা অগ্রগতি ফাউন্ডেশন এ আহ্বান জানায়।সমাবেশে অংশ নেওয়া সংগঠন দুটির প্রতিনিধিরা অভিযোগ করেন, বেসরকারি হাসপাতালগুলোয় চিকিৎসায় অবহেলা ও গাফিলতির কারণে প্রায়ই রোগী মারা যাচ্ছে। চিকিৎসা নিতে এসে রোগীরা হয়রানির শিকার হচ্ছেন। এসব হাসপাতালে সেবার মান নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের কোনো তদারকি নেই। বক্তারা সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবার যথাযথ মান নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করে একজন বক্তা বলেন, ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ এখন নিহত মৃদুলকান্তির পরিবারকে ক্ষতিপূরণ দিচ্ছে। এটি প্রমাণ করে যে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই মৃদুলকান্তির মৃত্যু হয়েছে। শুধু ক্ষতিপূরণ দিলেই হবে না, যাঁরা দায়িত্বে অবহেলা করেছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালগুলোর নৈরাজ্য বন্ধ হবে না।সমাবেশে একাধিক বক্তা বলেন, ল্যাবএইড ও ইবনে সিনার মতো দেশের নামকরা বেসরকারি হাসপাতালগুলো চিকিৎসার নামে মানুষ হত্যা করছে। এসব হাসপাতালে চিকিৎসার জন্য লাখ লাখ টাকা খরচ করতে হয়, অথচ মানুষ সঠিক চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে।চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রবণতা বন্ধ করার আহ্বান জানিয়ে সমাবেশ থেকে বলা হয়, সরকারি-বেসরকারি হাসপাতাল-গুলোয় সেবার মানের উন্নতি ঘটিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। হাসপাতালগুলোয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরদারি বাড়ালে মানুষ দেশের বাইরে যাবে না।নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বক্তব্য দেন সুরক্ষা ও অগ্রগতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জীবনানন্দ জয়ন্ত, নাগরিক আন্দোলনের সংগঠক সুব্রত দাস, পরিবেশ আন্দোলনের নেতা আনিসুজ্জামান প্রমুখ।