বেসিক লাইফ সাপোর্ট-সিপিআর–বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বেসিক লাইফ সাপোর্ট-সিপিআর-বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রত্যয়নপত্র বিতরণের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। সম্মান ফাউন্ডেশন এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
রাজধানীর ধানমন্ডিতে সম্মান ফাউন্ডেশন কার্যালয়ে এ প্রত্যয়নপত্র বিতরণ অনুষ্ঠান হয়। প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রত্যয়নপত্র বিতরণ করেন সম্মান ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষণা ফেলো জোনায়েদ শফিক। এ সময় সম্মান ফাউন্ডেশনের চেয়ারম্যান রুবাইয়ুল মোর্শেদ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীরা সবাই চিকিৎসক।

প্রত্যয়নপত্র বিতরণের পর নৈতিক মূল্যবোধ ও সহৃদয়তা নিয়ে আলোচনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সম্মান ফাউন্ডেশনের চেয়ারম্যান রুবাইয়ুল মোর্শেদ জানান, মানুষ মানুষের সঙ্গে ভালোভাবে কথা বললে এবং মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তা না হওয়ায় সমাজে অনেক সমস্যা সৃষ্টি হয়। সম্মান ফাউন্ডেশন মূলত মানুষের প্রতি সদয় আচরণ করতে মানুষকে উৎসাহিত করে। গৃহকর্মীদের প্রতি সদয় আচরণের জন্য মানুষকে পুরস্কৃত করেও তারা।

১৯৯০-এর দশকের শেষ দিক থেকে এই চিকিৎসাকর্মী ও সাধারণ মানুষের জন্য প্রাথমিক চিকিৎসাবিষয়ক এ প্রশিক্ষণ আয়োজন করে আসছেন রুবাইয়ুল মোর্শেদ।
অনুষ্ঠানে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে বক্তারা জানান, সময়মতো মানুষকে মৌলিক কিছু চিকিৎসা দেওয়া গেলে অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়ানো সম্ভব। বিশেষ করে, দুর্ঘটনার পর এটি খুবই জরুরি। দুর্ঘটনার পরের তিন মিনিট খুব জরুরি সময়। চিকিৎসা শুরুর আগে এই সময় মৌলিক কিছু চিকিৎসা দেওয়া গেলে মৃত্যুর হার অনেকটাই কমানো সম্ভব। সে জন্য চিকিৎসাকর্মী থেকে শুরু করে সবারই এ বিষয়ে কমবেশি ধারণা থাকা বাঞ্ছনীয়।