বেহাত হওয়া সম্পত্তি বুঝে পেল বিএসএমএমইউ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকার ৫৩টি দোকান দখলে নিয়েছে। ৩০ বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন এসব দোকান বেহাত ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মো. ফখরুজ্জামান বিশ্ববিদ্যালয়কে তাদের মালিকানা বুঝিয়ে দেন।বিশ্ববিদ্যালয়ের আইনজীবী তানিয়া আক্তার প্রথম আলোকে বলেন, ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে দশমিক ৪৪১৮ একর জায়গা তৎকালীন আইপিজিএমআরকে দিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুতেই বিশ্ববিদ্যালয় ওই জায়গার দখল বুঝে পাচ্ছিল না। চার বছর ধরে আইনি লড়াইয়ের পর ১৭ আগস্ট বুধবার আদালত বিশ্ববিদ্যালয়ের পক্ষে রায় দেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ বছরে ছয়তলা ভবনটির নিচতলায় ওষুধের দোকান, ব্যাংক, রেস্তোরাঁসহ মোট ৫৩টি স্থাপনা গড়ে ওঠে। ওপরের পাঁচটি তলায় বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা করেছে। কিন্তু নিচতলাটি দখল করে ভাড়া ওঠাচ্ছিলেন খাজা মো. হারিছ আদেলসহ কয়েকজন। দোকানগুলো মাত্র দুই হাজার টাকা ভাড়া দিয়ে শাহবাগ এলাকায় ব্যবসা করছিল। ২০০৭ সালে ঢাকা জেলা প্রশাসক খাজা মো. হারিছ আদেলকে জায়গাটি বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। তিনি আইনের আশ্রয় নিলে আদালত জেলা প্রশাসকের ওই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন। সবশেষে গত দুই মাস শুনানির পর আদালত বিশ্ববিদ্যালয়ের পক্ষে রায় দেন। এই রায়ের বলে বিশ্ববিদ্যালয় শাহবাগের পূবালী ব্যাংক, শাহবাগ বিপণিবিতানের ওষুধ, রেস্তোরাঁ, কনফেকশনারি, খাবার হোটেলসহ মোট ৫৩টি স্থাপনার মালিকানা পেল।ওই এলাকার একাধিক ওষুধ ব্যবসায়ী প্রথম আলোকে গতকাল জানান, সকাল নয়টায় তাঁদের দোকানপাট বন্ধ করে দেওয়া হলেও বিকেলে তাঁরা আবার দোকানপাট চালুর অনুমতি পান। চালুর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা একটি চুক্তি সই করেছেন। এখন থেকে বিশ্ববিদ্যালয় এসব দোকানপাটের ভাড়া পাবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঢাকা সিটি করপোরেশন যে ভাড়া নির্ধারণ করবে, সেই ভাড়াই তারা নেবে। খাজা মো. আদেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও গতকাল তাঁকে পাওয়া যায়নি। তবে দোকান-মালিকেরা জানান, আদেলের প্রতিনিধিরা আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে তাঁদের জানিয়েছেন।