বেহাল দশায় ঢাকার ৩০ ভাগ রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরও হয়নি রাস্তাটি মেরামত করা হয়েছিল। দায়সারাভাবে তৈরি হওয়া এবং ভারী যানবাহন চলাচলের কারণে কয়েক মাস যেতে না-যেতেই রাস্তাটি খানাখন্দে পরিণত হয়। রাস্তাটি এখন চলাচলেরই অযোগ্য। রাস্তাটি পশ্চিমাঞ্চলীয় বেড়িবাঁধঘেঁষা পুরান ঢাকার চম্পাতলী এলাকার। এলাকার বাসিন্দা মধ্যবয়সী মুকবুল হোসেন (ছদ্মনাম) বলেন, বর্ষা এখনো ভালো করে শুরু হয়নি। এতেই এই অবস্থা। ভারী বর্ষণ শুরু হলে ঘর থেকে বেরোনোও হয়তো অসম্ভব হয়ে পড়বে। শুধু চম্পাতলী এলাকা নয়, বৃষ্টিপাত এবং বিভিন্ন সংস্থার খোঁড়াখুঁড়িসহ নানা কারণে খানাখন্দে পরিণত হয়েছে রাজধানীর বহু রাস্তা। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সূত্রমতে, রাজধানীর প্রায় ৩০ শতাংশ সড়ক এখন বেহাল দশায়। বিশেষ করে কারওয়ান বাজার, কল্যাণপুর, পাইকপাড়া, পীরেরবাগ, রামপুরা, বাড্ডা, বনশ্রী, গোপীবাগ প্রভৃতি এলাকার রাস্তাঘাটের অবস্থা করুণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ডিসিসি বিধ্বস্ত রাস্তা মেরামতে এবারের বাজেটে ১৭০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর বাইরে রয়েছে সরকারি বরাদ্দ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) থেকে পাওয়া অর্থ। গত অর্থবছরেও এ বাবদ অনেক টাকা খরচ করা হয়েছে। ডিসিসির নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেন, এবারও খরচ করা হবে। কিন্তু দায়সারা মেরামতের কারণে কয়েক মাসের মধ্যেই রাস্তাঘাট আবার আগের অবস্থায় চলে যাবে। তবে ঢাকার মেয়র সাদেক হোসেন এ বিষয়ে কয়েক দিন আগে প্রথম আলোকে বলেন, কিছু খানাখন্দ ভরাট করা ছাড়া বর্ষাকালে রাস্তা মেরামতে হাত দেওয়া হবে না। এদিকে ডিসিসি যেসব সড়ক বিধ্বস্ত বলে চিহ্নিত করেছে, সেগুলোর মধ্যে রাজধানীর ১০টি অঞ্চলই রয়েছে। এগুলোর মধ্যে খুব বেশি খারাপ অবস্থায় আছে ৬ নম্বর অঞ্চলের কাজী নজরুল ইসলাম এভিনিউ, গ্রীন রোড, রাজাবাজার, ইন্দিরা রোড, মণিপুরিপাড়া, শ্যামলী, তাজমহল রোড, নূরজাহান রোড, আযম রোড, মিরপুর রোড, জাফরাবাদ প্রভৃতি। পুরান ঢাকা বা ৩ নম্বর অঞ্চলের মনেশ্বর রোড, টালী অফিস রোড, মিতালী রোড, শেরেবাংলা রোড, ভাগলপুর, নবাবগঞ্জ, বেড়িবাঁধ রোড, শহীদনগর, ঢাকেশ্বরী রোড, আজিমপুর, ছাপরা মসজিদ রোড, হোসেনি দালান প্রভৃতি এলাকায়ও রাস্তাঘাটের অবস্থা খারাপ পর্যায়ে রয়েছে। এদিকে প্রচলিত নিয়ম অনুযায়ী যে সংস্থাই উন্নয়নকাজে রাস্তা খোঁড়ে, তাদের প্রতি বর্গফুট জায়গা হিসাব করে আগেই ডিসিসিকে নির্ধারিত ক্ষতিপূরণ দিতে হয়। এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, মধ্য পাইকপাড়া ছাড়া রাজধানীর কোনো রাস্তায় ওয়াসার উন্নয়নকাজ চলছে না। অতীতের প্রকল্প ব্যর্থ: ‘ঢাকা মহানগরীর ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট যান্ত্রিক পদ্ধতিতে এসফল্ট প্লান্টের মাধ্যমে সংস্কার ও উন্নয়ন প্রকল্প’ এবং ‘মহানগর অবকাঠামো প্রকল্পে’র অধীনে কয়েক বছর আগে বেশ কয়েকটি সড়ক সংস্কার করা হয়েছিল। এগুলোর মধ্যে অবকাঠামো প্রকল্পে ৩৫০ কোটি এবং এসফল্ট প্লান্টে নিয়মিত বাজেটের টাকা খরচ করা হয়। নিয়ম অনুযায়ী এসব রাস্তা অন্তত পাঁচ বছর থাকার কথা। কিন্তু বেশির ভাগই এখন বেহাল দশায়। এগুলোর মধ্যে রয়েছে মৌচাক থেকে বাংলামোটর মোড়, মগবাজার ওয়্যারলেস গেট থেকে মধুবাগ পর্যন্ত সড়ক, জয়কালী মন্দির রাজধানী সুপার মার্কেট থেকে গুলিস্তান হয়ে চানখাঁরপুল, কারওয়ান বাজার সার্ক ফোয়ারা থেকে টঙ্গী ডাইভারসন রোড, বঙ্গভবনের দক্ষিণ প্রান্তের গুলিস্তান থেকে ইত্তেফাক মোড়, মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে কচুক্ষেত, ধানমন্ডি ২৭ নম্বর সড়ক প্রভৃতি।