বেহাল সড়ক, জনদুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়কালী মন্দির থেকে বঙ্গভবন পর্যন্ত বেহাল রাস্তা
জয়কালী মন্দির থেকে বঙ্গভবন পর্যন্ত বেহাল রাস্তা

জয়কালী মন্দির রোডে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যাবেন বলে ডেমরা থেকে সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন আবদুল আলিম। কাছাকাছি এসে সুপার স্টার হোটেলের বিপরীত দিকে মোড় ঘুরতেই উল্টে গেল অটোরিকশা। আঘাত পেয়ে হাঁটতে পারছিলেন না আবদুল আলিম। এই অবস্থাতেই বললেন, আজ তাঁর জমির নামজারি হওয়ার কথা।
গতকাল বেলা ১১টায় এলাকায় গিয়ে দেখা যায় প্রচণ্ড যানজট। জয়কালী মন্দির রোড থেকে ভূমি কার্যালয় ছাড়িয়ে রাস্তায় যানবাহন গিজগিজ করছে। রাস্তার ওপর অন্তত ছয়টি বড় বড় গর্ত। ভূমি কার্যালয়ের কর্মী আবুল হোসেন বলেন, কার্যালয়ে জমিসংক্রান্ত কাজে প্রতিদিন শত শত মানুষ আসেন। রাস্তার এসব গর্তের জন্য প্রায় প্রতিদিন যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটে। মেঘনা, চিটাগাং রোড, যাত্রাবাড়ীর দিক থেকে গুলিস্তানের দিকে যাওয়া যাত্রীবাহী বাসগুলো বেপরোয়াভাবে চলে এই পথে। দেখা গেল, কে কার আগে যাবে—এই প্রতিযোগিতায় রাস্তার গর্তগুলো মানছিলেন না বাসচালকেরা।
এলাকা ঘুরে দেখা যায়, সালাউদ্দীন স্পেশালাইজড হাসপাতালের সামনের রাস্তা কার্পেটিং করা হয়েছে। সে পথে আসা যানবাহন হোটেল সুপার স্টারের কাছে এসে থমকে যাচ্ছে। মোড় ঘুরে রাম-সীতা মন্দিরের পাশ দিয়ে যাওয়ার পথেই বেপরোয়া হয়ে পড়ছে বাসগুলো। ওয়ারী থেকে ওই পথ ধরে যাচ্ছিলেন শিশু কোলে এক নারী। রাস্তা পেরোনোর সময় দ্রুত বেগে আসা একটি বাস দেখে ভয়ে চিৎকার করে ওঠেন তিনি। কর্তব্যরত ট্রাফিক পুলিশের কাছে এলাকার যানজট এবং বেপরোয়া যান চালনার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, প্রধানত রাস্তার দুর্দশার জন্য যানজট। যানবাহনের বেপরোয়া চালনার বিরুদ্ধে বেশির ভাগ ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয় বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নিচের যে সড়কগুলো মেরামত করা হচ্ছে, ভূমি কার্যালয়ের পার্শ্ববর্তী এই রাস্তা সেগুলোর মধ্যে নেই। রাজধানী সুপার মার্কেট ও ডেপুটি পুলিশ কমিশনারের কার্যালয়ের মাঝখানের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে মেরামতের কাজ চলছে। ভূমি কার্যালয়ের পূর্ব দিকে রাম-সীতা মন্দির, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় পেরিয়ে ফকিরবানু ভবনের সামনে রাস্তা ধরে রাজধানী সুপার মার্কেটের কাছাকাছি এলাকা পর্যন্ত রাস্তাও বেহাল অবস্থায়। ফকির ভবনের সামনের রাস্তায় বৃষ্টি না হলেও পানি জমে থাকে। অবশ্য সেখানে গতকাল কিছু মাটি ফেলা হয়েছে বলে এলাকাবাসী জানান।