বেহাল সড়ক, দুর্ভোগে তিন লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তাটি ছিল ৬০ ফুট প্রস্থের। কিন্তু দুই পাশ দখল হয়ে যাওয়ায় নেমে এসেছে ১৫ ফুটে। নির্মাণ করা হয়েছে সহস্রাধিক দোকান, বসতবাড়ি। সরু এই রাস্তায় রয়েছে অজস্র গর্ত। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি।রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের বাসস্ট্যান্ড থেকে বড় মসজিদ (বায়তুল মোয়াজ্জেম) পর্যন্ত সড়কের চিত্র এটি। সরু ভাঙাচোরা এই রাস্তার কারণে দুর্ভোগে পড়েছে ১১ নম্বর সেকশনের এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ই ব্লক, সবুজবাগ, পলাশনগর, লালমাটিয়া, বাউনিয়া বাঁধের প্রায় তিন লাখ মানুষ। কেননা ১১ নম্বর সেকশনের বাসস্ট্যান্ডে যাতায়াতের একমাত্র পথ এটি।সড়কটি সংস্কার করলে এখান থেকে মাটিকাটা, জিয়া কলোনি হয়ে আধা ঘণ্টায় হজরত শাহজালাল বিমানবন্দর ও উত্তরায় যাওয়া সম্ভব বলে জানিয়েছেন এলাকাবাসী। রাস্তাটি সর্বশেষ কবে মেরামত করা হয়েছিল, তা ঠিকমতো বলতে পারেননি এলাকাবাসী। কেউ বলেন, পাঁচ বছর আগে। কারও মতে, আরও আগে।সম্প্রতি ১১ নম্বর বাসস্ট্যান্ডের পূর্ব পাশের ওই রাস্তায় গিয়ে দেখা যায়, সড়কের পিচ উঠে বেরিয়ে পড়েছে ইট। পানিনিষ্কাশনের জন্য রাস্তার দুই পাশে নেই নর্দমা। ফলে কোথাও কোথাও বৃষ্টির পানি জমেছিল, কোথাও ছিল কাদা।রাস্তার দক্ষিণ পাশে বড় অংশজুড়ে অবাঙালি ক্যাম্প। ওই ক্যাম্পের সামনের জায়গা দখল করে গড়ে উঠেছে জুতা, লেপ-তোষক, ঘড়ি, রেস্তোরাঁসহ নানান পণ্যের দোকান। উত্তর পাশে বিভিন্ন বাসাবাড়ির সামনের অংশও দখল করে দোকান করা হয়েছে।এলাকার বাসিন্দা দিলীপ বলেন, বৃষ্টি হলে চোরা গর্ত ও কাদায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। বৃষ্টি না হলেও চলতে গিয়ে বারবার হোঁচট খেতে হয়।এলাকার প্রবীণ বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, আশির দশকে রাস্তাটি ছিল ৬০ ফুট প্রস্থের। এখন কোথাও ১৫ ফুট, কোথাও আরও কম। রাস্তার কিছু অংশ এত বেশি সংকুচিত হয়ে গেছে যে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত ঢোকা কঠিন হয়ে যায়। রাস্তাটির কারণে মিরপুর ১১ নম্বর সেকশনের ঐতিহ্যবাহী বেনারসি পল্লি মুখ থুবড়ে পড়েছে বলে জানান হানিফ সিল্ক ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ হানিফ। তিনি বলেন, ‘রাস্তাটি ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য মরণফাঁদ। ভাঙাচোরা রাস্তার কারণে সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সি ক্যাবের চালকেরা ক্রেতাদের ১০ নম্বর সেকশনের বেনারসি পল্লিতে নিয়ে যান। বঞ্চিত হই আমরা।’কয়েকজন বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, ঢাকা সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলর থাকলে তাঁদের কাছে সড়ক সংস্কারের কথা বলা যায়। এখন সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে গেলে বলা হয়, বাজেট নেই।ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আহসানুল হক মিয়া প্রথম আলোকে বলেন, মিরপুরে অনেকগুলো সড়কের সঙ্গে ১১ নম্বর সেকশনের সড়কটিরও সংস্কার হবে। দরপত্রের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।যোগাযোগ করলে স্থানীয় সাংসদ (ঢাকা-১৬) মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ প্রথম আলোকে বলেন, রাস্তাটির দখল নিয়ে কিছুদিন আগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা হয়েছে। অবাঙালিসহ যারা রাস্তার জায়গা দখল করেছে, তাদের সময় দেবে গৃহায়ণ কর্তৃপক্ষ। নইলে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে। সিটি করপোরেশনও রাস্তাটি মেরামতের আশ্বাস দিয়েছে।