>সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত এলাকাগুলোর বেশির ভাগ সড়ক অপ্রশস্ত ও বেহাল। কিছু জায়গায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে রয়েছে ওয়ার্ডের বাসিন্দারা। তবে সুপেয় পানির সংকট নিরসন ও কাউন্সিলরের কার্যালয়ের সেবা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।
গতকাল রোববার ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
রাজধানীর প্রধান পাইকারি কাঁচাবাজার কারওয়ান বাজার এবং তেজকুনিপাড়া, পূর্ব ও পশ্চিম তেজতুরী বাজার, রেলওয়ে কলোনি, কাজীপাড়া গার্ডেন রোড ও ভাওয়ালবাগ এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ডের আয়তন ১ দশমিক ৩৭ বর্গকিলোমিটার। ঘনবসতিপূর্ণ এই ওয়ার্ডের হোল্ডিং সংখ্যা চার হাজার ১৫৩। ভোটার ৪৬ হাজার।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজার ছাড়া ওয়ার্ডের অধিকাংশ এলাকার সড়ক প্রস্থে ৮ থেকে ১৫ ফুটের মধ্যে। বেশির ভাগ সড়ক এবড়োখেবড়ো-খানাখন্দে ভরা। সকালের হালকা বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পড়া সড়কে চলতে গিয়ে নাকাল হচ্ছে পথচারীরা। বাসিন্দাদের বক্তব্য, সড়কের এই বেহাল অবস্থার কারণে তাঁরা যতখানি ভোগান্তির শিকার হন, তার চেয়ে বেশি ভোগান্তি হয় জলাবদ্ধতার কারণে। সম্প্রতি ওয়ার্ডের অল্প কিছু জায়গার পয়োনালা (সুয়ারেজ লাইন) নতুন করে নির্মিত হলেও বেশির ভাগ এলাকার ড্রেনেজ ব্যবস্থা বিপর্যস্ত। যে কারণে বিজয় সরণি-তেজগাঁও ওভারপাসের নিচের অংশে; তেজকুনিপাড়া-নাখালপাড়া সড়কের প্রায় আধা কিলোমিটার, তেজকুনিপাড়া ঢাল এবং পূর্ব ও পশ্চিম তেজতুরী বাজারের বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। জমে থাকা ওই পানি সহজে নামে না।
তেজকুনিপাড়ার বায়তুল ফালাহ জামে মসজিদ এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম বলেন, এখানে একবার পানি জমলে তা সরতে কখনো কখনো সপ্তাহ গড়িয়ে যায়। হাঁটুপানিতে এলাকাবাসীর সঙ্গে ভোগান্তি বাড়ে তেজকুনিপাড়া-নাখালপাড়া সড়কে নিয়মিত চলাচলকারী পথচারীদের।
আরেক বাসিন্দা নাজমুল হোসেন বলেন, জমে থাকা ওই নোংরা-দুর্গন্ধময় পানি কখনো পৌঁছে যায় বাড়ির নিচতলার রিজার্ভ ট্যাংকে।
জলাবদ্ধতার কারণে এমনই নানা সমস্যার কথা উঠে এল তেজকুনিপাড়া ঢাল এবং পূর্ব ও পশ্চিম তেজতুরী বাজারের বাসিন্দাদের কথায়।
এদিকে ওয়ার্ডের একটি-দুটি প্রধান সড়ক ছাড়া শাখা সড়কগুলো চলাচলের প্রায় অনুপযোগী। তেজগাঁওয়ের নিমতলা থেকে স্টেশন রোড ধরে সোজা এগিয়ে গেলে রেলওয়ে কলোনি। এই এলাকার সড়কটি দেখলে মনে হবে, যেন কাদাপানির ডুবো সড়ক। সড়কে পিচ-সুরকির অস্তিত্ব বিলীন হওয়ার পথে। রাস্তাজুড়ে আবর্জনা। ম্যানহোল উপচে ছড়িয়ে পড়ছে নোংরা পানি। কলোনির বাসিন্দা আমিনুল ইসলাম খেদের সঙ্গে বলেন, ‘এই যে রাস্তায় পানি দ্যাখতাছেন, এইডা কিন্তু পাঁচ-ছয় দিনেও শুকাইবো না। গন্ধে টিকন যায় না। এর মধ্যেই আমাগো থাকতে হয়।’
প্রায় একই অবস্থা চোখে পড়ল রেলওয়ে মার্কেটের আশপাশের সড়ক, ফার্মগেট মোড় থেকে তেজকুনিপাড়া পোস্ট অফিস সড়কের। দেখা গেল কারওয়ান বাজার কাঠপট্টি-সংলগ্ন সড়কটিরও একই অবস্থা।