রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দাম বেড়েই চলেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বা হরতালের অজুহাত দেখিয়ে দাম বাড়িয়ে নিচ্ছেন আড়তদার ও সবজির বিক্রেতারা। বৃষ্টির কারণে ফলন নষ্ট হওয়ার অজুহাত তো আছেই।সবজির পাশাপাশি বেড়েছে আটা, ময়দা ও বিভিন্ন ধরনের ডালের দাম। চাল ও ভোজ্যতেলের দাম অপরিবর্তিত থাকলেও কমেছে মুরগির দাম। আর মাছের বাজার তো কোনোভাবেই কমছে না। তবে ভারত রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর কমেছে পেঁয়াজের দাম।বেড়েছে সবজির দাম: গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পটোল ৪০ থেকে ৪৫ টাকা, টমেটো ৭০ থেকে ৭৫, করলা ও ঝিঙে ৫০, বরবটি ৬০, ঢ্যাঁড়স ৪০, নতুন শিম ৬০ থেকে ৭০, বেগুন মানভেদে ৪০ থেকে ৫৫, কাঁকরোল ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁপে আর জালি কুমড়া পাওয়া যাচ্ছে ২০ টাকা কেজি দরে।জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ট্রাকভাড়া বাড়ায় সব ধরনের সবজির দাম বেড়েছে। ২০ সেপ্টেম্বর বাজার ঘুরে পাওয়া দামের সঙ্গে গতকাল সোমবারের দাম মিলিয়ে দেখা যায়, পটোল পাঁচ, টমেটো পাঁচ থেকে সাত, ঝিঙে, ঢ্যাঁড়স, বরবটি ও বেগুন মানভেদে ১০ এবং পেঁপের দাম পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে।সবজির দাম বাড়ার কারণ জানতে চাইলে বেশির ভাগ আড়তদার ও বিক্রেতা বললেন, জ্বালানি তেলের একটু প্রভাব আছে। তবে শুধু এ কারণেই দাম বাড়েনি। সবজি উৎপাদনকারী এলাকাগুলোতে কয়েক দিনের বৃষ্টিতে অনেক ফলন নষ্ট হয়ে গেছে। সরবরাহ কম হওয়ায় দামও বেশি।চিনি আছে, আছে কারসাজিও: ঈদের পর চাহিদা কম থাকার পরও গত কয়েক দিনে চিনির বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। রমজান মাসে কম লাভে চিনি বিক্রি করেছেন এবং আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে—এসব অজুহাত দেখিয়ে সরকারি সিদ্ধান্তের অপেক্ষা না করেই বেশি দামে মিলগেটে চিনি বিক্রি শুরু করে দিয়েছেন মিলমালিকেরা। অথচ গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম কমেছে টনপ্রতি ৭০ ডলারের বেশি। পরিবেশকেরা বলছেন, তাঁদের কাছে পর্যাপ্ত চিনি মজুদ আছে। পাইকারিতে প্রতি কেজি চিনি ৬২ থেকে ৬৪ টাকায় বিক্রি হচ্ছে। তবে খুচরা ব্যবসায়ীরা চিনি বিক্রি করছেন ৬৮ থেকে ৭০ টাকা কেজি দরে।সামান্য কমেছে পেঁয়াজের দাম: ভারত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমে এসেছিল। পাইকারি বাজার শ্যামবাজারে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩২ এবং ভারতীয় পেঁয়াজ ২৭ থেকে ২৮ টাকায় বিক্রি হয়েছে। কোনো কোনো ব্যবসায়ী ভারতীয় পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি করেছেন। তবে খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৪০ ও আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।বেড়েছে আটা ও ডালের দাম: রোজার পর সবচেয়ে বেশি বেড়েছে আটার দাম। দুই সপ্তাহ আগেও দুই কেজির আটার প্যাকেট পাওয়া যেত ৫৮ থেকে ৬০ টাকায়। এর জন্য এখন ক্রেতাকে গুনতে হচ্ছে ৬৪ টাকা। খোলা ময়দা ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। আগে দুই কেজি ওজনের ময়দার প্যাকেট ৭৩ টাকায় বিক্রি হলেও এখন ৭৬ টাকা।মসুর ডালের দামও কিছুটা বেড়েছে। বাজারে দেশি মসুর ডাল এখন বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। ঈদের আগে এই ডাল বিক্রি হতো ৯০ টাকায়।