বেড়েছে ছাতা বিক্রি, ব্যস্ত কারিগরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকবাজারের লিলি ম্যানশনের একটি ছাতার কারখানায় ব্যস্ত ছাতার কারিগর। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
চকবাজারের লিলি ম্যানশনের একটি ছাতার কারখানায় ব্যস্ত ছাতার কারিগর। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

জ্যৈষ্ঠের প্রচণ্ড রোদ আর দাবদাহে নাকাল নগরবাসী। আবার এর বিপরীত চিত্রও আছে। চলতি বছরের এপ্রিলে দেশে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা গত ৩৫ বছরে এ সময়ে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে বাজারে বিকিকিনি বেড়ে গেছে রোদ-বৃষ্টির অন্যতম অনুষঙ্গ ছাতার। ব্যস্ততা বেড়েছে ছাতার কারিগরদের।

চকবাজারের ছাতার কারখানার মালিক, কারিগর এবং ছাতা তৈরির সরঞ্জাম ও ছাতার পাইকারি ব্যবসায়ীরা জানান, প্রখর রোদের পাশাপাশি এ বছর আগাম বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ের আগেই ছাতার বাজার সরগরম হয়ে উঠেছে। ছাতা বিক্রি বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে ছাতা তৈরির কারিগরদের। সকাল থেকে মাঝরাত পর্যন্ত চলছে ছাতা তৈরির কাজ।

সম্প্রতি চকবাজারের মৌলভীবাজার ও মোগলটুলির একাধিক ছাতা তৈরির কারখানা ও বিক্রির মার্কেটে গিয়ে দেখা যায়, বিক্রেতা ও কারিগরেরা সবাই ব্যস্ত। চকবাজারের বিল্লাল মার্কেট, খান মার্কেট, শামসুল হক টাওয়ারের পাইকারি ছাতার দোকানগুলোয় পাইকারি ক্রেতাদের ভিড়।

বাজারে বিক্রি হচ্ছে নানা ধরনের দেশি-বিদেশি ছাতা। আছে শিশুদের জন্য বাহারি নকশার ছাতা। শিশুদের আকৃষ্ট করতে ডোরেমন, বারবি ডল, মিকি মাউসের ছবি ব্যবহার করে তৈরি করা হয়েছে ছাতা।

ব্যবসায়ীরা জানান, বাজারে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ছাতা বিক্রি হচ্ছে। বিদেশি ছাতা আমদানিকারকদের কাছ থেকে এনে বিক্রি করেন তাঁরা।

মোশারফ ছাতার ব্যবস্থাপক মো. রাসেল শেখ বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা চকবাজার থেকে ছাতা কিনে থাকেন। তিনি জানান, ভাঁজহীন দেশি ছাতা ১৫০ থেকে ৫৫০ টাকা, দেশি-বিদেশি দুই ভাঁজের ছাতা ২৫০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং তিন ভাঁজের বিদেশি ছাতা ৬৫০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হয়।

এদিকে ছাতা তৈরির কারখানাগুলোয় গিয়ে কারিগরদের ব্যস্ততা দেখা যায়। একাধিক কারিগর বলেন, অন্যান্য সময়ে দুপুরে খাওয়ার পরে বিকেল চারটা পর্যন্ত তাঁরা বিশ্রাম নিতেন। এখন বিশ্রামের সময় মিলছে না। দুপুরের খাবারের পর আবার কাজে নেমে পড়ছেন।

লিলি ম্যানশনের পঞ্চম তলার ফরহাদ ছাতা কারখানার কারিগর হুমায়ুন বলেন, ছাতার চাহিদা বাড়ছে। অর্ডারও অনেক। সময়মতো সরবরাহ করতে তাঁদের বাড়তি সময় কাজ করতে হচ্ছে।

লিলি ম্যানশনের তৃতীয় ও চতুর্থ তলায় আছে ছাতা তৈরির বিভিন্ন সরঞ্জাম বিক্রির দোকান। ছাতা তৈরির কাপড়, শিক, স্টিক, হাতলসহ সব ধরনের খুচরা জিনিস পাওয়া যায় এখানে।

ছাতার সরঞ্জাম বিক্রির ব্যবসায়ী মো. আলতাফ বলেন, এখন ছাতার চাহিদা বেশি। তাই সরঞ্জাম বিক্রিও বেড়েছে। তিনি বলেন, শুধু ছাতা তৈরির কারখানার মালিকেরা নন, নষ্ট ছাতার মেরামতকারীরাও সরঞ্জাম কিনছেন।

ছাতার কারিগরেরা জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপনের জন্য ছাতা তৈরির অর্ডার দিয়ে থাকে।