বৈচিত্র্যময় ফুলের সঙ্গে পরিচয়

দেশে উৎপাদিত ফুল নিয়ে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবারের মতো আয়োজিত ‘ফ্লাওয়ার ফেস্ট’ শেষ হয়েছে গতকাল বুধবার। আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল দেশি ফুলের বৈচিত্র্যের সঙ্গে মানুষের পরিচয় বাড়ানো। দুই দিনের ফুলের মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে আয়োজকদের উদ্দেশ্য অনেকটাই সফল।
ফুলের সামগ্রিক ব্যবহার বৃদ্ধি এবং দেশে ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি (বিএফএস) এবং উইন্ডমেইল এ মেলার আয়োজন করে। আয়োজনে সহযোগিতা করেছে ইউএসএআইডির এভিসি প্রকল্প ও অনলাইনভিত্তিক ফুল বিক্রির ওয়েবসাইট দেশি ফুল ডট কম।
মেলা উপলক্ষে কৃষিবিদ মিলনায়তনে দেখা মিলল হরেক রকম ফুলের। গতকাল বিকেলে মেলা প্রাঙ্গণে পৌঁছতেই ভেসে এল ফুলের সুবাস। ভেতরটা যেন দেশি ফুলের অনন্য এক রাজ্য। ফুলের মেলায় আসা দর্শনার্থীদের উচ্ছ্বাসের শেষ নেই। আয়োজকেরা জানালেন, প্রকৃতির অপূর্ব উপহার ফুল নিয়ে আয়োজনে বিপুল সাড়া মিলেছে।
দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে মেলায় ঘুরছিলেন শাহরিয়ার মাহমুদ। তিনি বলেন, ফুল কার না ভালো লাগে। এমন কিছু ফুল দেখলাম, যা সচরাচর দেখি না। উদ্যোগটা ভালো, তবে মেলার পরিসরটা ছোট হয়ে গেছে। ফুল বিক্রির চেয়ে আয়োজকেরা নানা জাতের ফুল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলে ভালো করতেন।
গতকাল মেলায় অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিনা মূল্যে ফুলের বুকি বা তোড়া বানানোর প্রশিক্ষণ। বিকেলে মেলায় উপস্থিত দর্শকদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ফুলের দোকানের দক্ষ কারিগরেরা বিভিন্ন আকৃতির তোড়া বানানো শেখান। বানানো তোড়া শুভেচ্ছামূল্যে দর্শনার্থীদের পুরস্কার দেওয়া হয়। মেলাতেই যাত্রা শুরু হয়েছে অনলাইনভিত্তিক ফুল বিক্রির ওয়েবসাইট দেশি ফুল ডট কমের। প্রতিষ্ঠানটির প্রতিনিধি সালমান হোসেন বলেন, গুলশান, বনানী ও উত্তরা এলাকার প্রায় ৩০টি দোকানের ফুল অনলাইনে দেওয়া আছে। আরও সুবিধা যোগ করার কাজ চলছে।
দুই দিনব্যাপী এই মেলায় ফুল উৎপাদক, ফুল ব্যবসায়ী (পাইকারি ও খুচরা), ফুল খাতের সংশ্লিষ্ট সংগঠন, সাজসজ্জা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান (ইভেন্ট ম্যানেজমেন্ট) অংশ নেয়। মেলার ২০টি স্টলের ১৭টিতে বিভিন্ন প্রতিষ্ঠান আর বাকি তিনটিতে ২৩ জন ফুলচাষি বিভিন্ন জাতের ফুল প্রদর্শন করেন।
গাজীপুরের শ্রীপুরের মৌমিতা ফ্লাওয়ারস মেলায় নিয়ে এসেছিল ১৯ প্রজাতির জারবেরা ফুল। প্রতিষ্ঠানের কর্ণধার দেলোয়ার হোসেন বলেন, নিজস্ব জমিতে জারবেরা ও অর্কিড চাষ করা হয়। মেলার পরিসর কেমন হবে, তা বুঝে উঠতে না পারায় কমসংখ্যক ফুলের প্রজাতি আনা হয়েছে। পরের মেলায় প্রদর্শনীর জন্য আরও বেশি ফুল আনা হবে।
দেশের সবচেয়ে বেশি ফুল উৎপন্ন হয় যশোর জেলায়। যশোরের গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতিও মেলায় অংশ নেয়। সমিতির সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ বলেন, ‘এমন মেলায় ফুলচাষিদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। ফুলচাষিরা উপকৃত না হলে, তাঁদের উন্নয়ন না হলে ফুল খাতের উন্নয়ন সম্ভব হবে না।’
আয়োজক সংগঠন বিএফএসের সভাপতি আবদুর রহিম জানালেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন ফুল মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। মেলা থেকে ফুল ব্যবসায়ী ও চাষিরা ঢাকায় ফুলের একটি স্থায়ী পাইকারি বাজার করার দাবি জানিয়েছেন।