বৈঠকে মন্ত্রী-সচিবেরা আসেননি ওয়াসার দাবি পানিসংকট নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবেরা উপস্থিত না থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। কমিটির সভাপতি রহমত আলী বলেছেন, ‘মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীরা বৈঠকে না থাকলে এই কমিটি রেখে লাভ কী! ভেঙে দেওয়ায়ই ভালো।’বৈঠকের আলোচ্য বিষয় ছিল রাজধানীর পানিসংকট ও মিল্ক ভিটার সার্বিক কার্যক্রম। বৈঠকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান দাবি করেছেন, মহানগরে পানির কোনো সংকট নেই। গতকাল বুধবার বেলা ১১টায় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মুজমুদার উপস্থিত ছিলেন না।বৈঠক শেষে কমিটির সভাপতি রহমত আলী বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবেরা না থাকায় আলোচ্য বিষয়ে কার্যকর কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘সংসদ জবাবদিহির জায়গা। অথচ সংসদীয় কমিটির বৈঠকে তাঁরা নেই। কে সংসদের কাছে জবাবদিহি করবে? মন্ত্রীরা সভায় না এলে এই কমিটি রেখেই বা লাভ কী! ভেঙে দেওয়াই ভালো।’ রহমত আলী জানান, স্থানীয় সরকারমন্ত্রীর অনুরোধে গতকালের বৈঠক আহ্বান করা হয়েছে। সকালে টেলিফোনে কথা হলে মন্ত্রী জানিয়েছেন, তিনি আসবেন। কিন্তু বৈঠক শুরুর আগে মন্ত্রীর এক কর্মকর্তা ফোন করে জানান, তিনি অসুস্থ বোধ করছেন, আসবেন না। প্রতিমন্ত্রী নানক কিছুই জানাননি। ওয়াসার মতে রাজধানীতে পানিসংকট নেই: বৈঠকে মহানগরের পানিসংকট নিয়ে আলোচনা হলেও কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে মিল্ক ভিটা নিয়ে কোনো আলোচনা হয়নি। রহমত আলী জানান, বৈঠকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের কাছে মহানগরের পানিসংকট সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি জানিয়েছেন, মহানগরে পানির কোনো সংকট নেই। সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী ফায়দা লোটার জন্য পানিসংকটের কথা বলে কিছু মানুষকে রাস্তায় নামাচ্ছেন। ওয়াসার এমডি বৈঠকে জানান, বর্তমানে ঢাকা শহরে পানির চাহিদা ২১০ থেকে ২২০ কোটি লিটার। এর বিপরীতে ওয়াসার সরবরাহ ২০৪ কোটি লিটার। ২০২০ সালের মধ্যে ঢাকার পানিসংকট নিরসন সম্ভব হবে বলেও তিনি জানান। বৈঠকে ঢাকা ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। রহমত আলী বলেন, ওয়াসা একটি চরম দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। কমিটি এসব অভিযোগের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে। রহমত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী, মোস্তফা জালাল মহিউদ্দিন, আশরাফুন নেসা মোশাররফ প্রমুখ অংশ নেন।