বৈশাখী ছাড়ে বাজার সয়লাব

‘বৈশাখী অফার’-এ বাজার সয়লাব। এখন রাজধানীর যেকোনো এলাকায় ঘর থেকে বের হলেই ছোট-বড় বাণিজ্যিক ভবন, নামডাকওয়ালা বিপণিবিতানগুলোতে চোখে পড়ে বাহারি রঙের ব্যানারে ঝুলছে নববর্ষ উপলক্ষে মূল্যছাড়ের ঘোষণা। দেয়ালে পড়েছে পোস্টারও। শুধু ব্যানারে-পোস্টারেই যে এসব বৈশাখী ছাড়ের ঘোষণা সীমাবদ্ধ নয়, তার প্রমাণ আছে খবরের কাগজের পাতা, টেলিভিশনের পর্দা এমনকি মুঠোফোনে আসা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের খুদে বার্তাতে।
পয়লা বৈশাখের বর্ষবরণ উৎসব এখন দেশের সর্বজনীন সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়েছে। গ্রামীণ কৃষিজীবীদের এই উৎসব নতুন আঙ্গিকে, বৃহৎ পরিসরে উদ্যাপিত হওয়ায় এর বাণিজ্যিক দিকটিও সম্প্রসারিত হয়েছে বিপুলভাবে। আগে ঈদে-পূজায় নতুন পোশাকের কেনাকাটা চলত ঘরে ঘরে। অধুনা তার সঙ্গে পয়লা বৈশাখের পর্বটিও বেশ ভালোভাবেই যুক্ত হয়েছে। পোশাকের অনুষঙ্গ হিসেবে আছে মানানসই হরেক রকমের সাজসজ্জার সামগ্রী, প্রসাধনী, অলংকার ইত্যাদি। উৎসব জমাতে সাজসজ্জার পাশাপাশি খানাপিনারও যুতসই আয়োজন থাকা প্রয়োজন। ফলে সে ব্যবস্থাও হচ্ছে পথের ধারের হালকা খাবারের দোকান থেকে শুরু করে খানদানি হোটেল-রেস্তোরাঁগুলোতে। অনেকে বেড়াতে যান, কেউ সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন। সব মিলিয়ে নববর্ষের উৎসব যেমন বাণিজ্যের বহুমুখী সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তেমনি ব্যবসায়ীরাও হাজির ক্রেতাদের দৃষ্টি কাড়তে নানা রকম ছাড়ের ঘোষণা নিয়ে।
বাজার ঘুরে দেখা গেল, পোশাক পরিচ্ছদেই বৈশাখী মূল্যছাড়ের ঘোষণা বেশি। দেশি ফ্যাশন হাউসগুলো বৈশাখী উৎসবকে রাঙিয়ে দিতে হরেক রকম রং ও নকশার বৈচিত্র্যময় পোশাকের সম্ভার নিয়ে এসেছে। বিভিন্ন ধরনের ছাড় আছে তাদের। বেইলি রোডের দেশালের ব্যবস্থাপক জানালেন তাঁদের বিশেষ কিছু পোশাকে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। কে-ক্রাফটের সবগুলো দোকানে গ্রামীণফোনের স্টার গ্রাহক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডে আছে ১০ শতাংশ ছাড়। আরটিস্টিতে ছাড় সর্বোচ্চ ৬০ ভাগ, ফিট এলিগেন্সে ছাড় ২৬ ভাগ। এলিফ্যান্ট রোডের ক্যাটস আইতে কিছু কিছু পোশাকে ছাড় ২৫ থেকে ৩০ শতাংশ। রঙের পোশাকেও লংকাবাংলা, ইবিএল, এসসিবির ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ছাড় এবং নগদ ৫ হাজার টাকার পোশাক কিনলে আছে উপহার। বেইলি শাড়ি হাউস থেকে টাঙ্গাইলের শাড়িসহ ২০ হাজার টাকার বেশি কেনাকাটা করলে ১০ শতাংশ ছাড়। এ রকম হরেক রকমের ছাড়ের খোঁজ মিলবে পোশাকের দোকানে।