বৈশাখী মেলায় কারুপণ্যের সমারোহ
বাংলা একাডেমীর সবুজ চত্বরে বর্ধমান হাউস এবং পুকুরের মাঝখানে টিন আর শামিয়ানা দিয়ে তৈরি করা হয়েছে বিশাল ঘর। সেখান থেকে ভেসে আসছিল গানের সুর। গানের ফাঁকে ফাঁকে সংলাপ। ৩০ টাকায় টিকিট কেটে সেই ঘরের ভেতরে যাচ্ছে অনেকে। ঐতিহ্যবাহী পুতুলনাচ হচ্ছে সেখানে। শিশুদের পাশাপাশি বড়রাও প্রবেশ করছেন। পুতুলনাচের এই অস্থায়ী প্রদর্শনীকক্ষের পাশেই রয়েছে নাগরদোলা, চরকি। নজরুল মঞ্চের সামনে বাহারি কারুপণ্যের দোকান। সব মিলিয়ে দারুণ এক বৈশাখী মেলার আয়োজন চলছে বাংলা একাডেমী প্রাঙ্গণে।বাংলা নববর্ষ ১৪২০ উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমী প্রাঙ্গণে নববর্ষের দিন থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমীর নজরুল মঞ্চ প্রাঙ্গণ ও বহেড়াতলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) ডিজাইন সেন্টারের উদ্যোগে চলছে বৈশাখী মেলা। এ ছাড়া একাডেমী প্রাঙ্গণে চলছে বইয়ের আড়ং। ১০ দিনের এই বইয়ের আড়ংয়ের আয়োজক বাংলা একাডেমী।গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেল, পরিসর তেমন বড় নয়। তবে আয়োজন বেশ গোছানো ও পরিপাটি। স্টলগুলো সুন্দর করে সাজানো। মেলায় আসছে নানা বয়সের মানুষ। শিশুদের বিনোদনের ব্যবস্থাও আছে মেলায়।স্টলের সংখ্যা সীমিত। কিন্তু বিচিত্র পণ্যের সমাহার সেখানে। নিত্য ব্যবহারের গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য থেকে শুরু করে শৌখিন লোকজ নিদর্শনের দোকান আছে সেখানে। মৃৎশিল্প, বাঁশ-বেতশিল্প, ধাতব শিল্প, কাঁসা-পিতলশিল্প, শোলাশিল্প, সূচিশিল্প, শতরঞ্জি, তাঁতের শাড়ি, বুটিক-বাটিকের কাজের সমাহার। আর শিশু-কিশোরদের মাতিয়ে রেখেছে পুতুলনাচ, নাগরদোলা, চরকি। সব মিলিয়ে অনবদ্য আয়োজন।ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে মেলায় পসরা সাজিয়েছেন সজীব দে। তাঁর দোকানে সাজানো আছে তানপুরা, করতাল, বেহালা, ডুগডুগি, মন্দিরা, একতারা ও বিভিন্ন ধরনের বাঁশি। বাদ্যযন্ত্র দেখে পুরান ঢাকার তৌহিদুল ইসলাম বলেন, ‘বেশ সুন্দর কারুকাজের বাদ্যযন্ত্র আছে এখানে। দেখে মন জুড়িয়ে যায়।’ ধাতব শিল্পসামগ্রী নিয়ে এসেছেন পুরান ঢাকার বেচারাম দেউড়ির কারিগরেরা। শোলাশিল্পের একটি স্টলে ময়ূর, পালকিসহ নানা সামগ্রী রয়েছে। নিখুঁত কাজ দেখে বোঝার উপায় নেই, এগুলো শোলায় করা!বর্ধমান হাউসের বারান্দার সামনেই দেখা গেল শখের হাঁড়িতে নকশা করার আয়োজন। ছোট, বড়, মাঝারি এসব হাঁড়ির গায়ে তুলি হাতে ছুঁয়ে দিচ্ছেন শিল্পীরা। লাল ও হলুদ রঙে গড়া শিল্পকর্মগুলোতে চোখ আটকে যায়। মেলায় পাওয়া যাচ্ছে গ্রামবাংলার আরেক ঐতিহ্য হাতপাখা। কাপড়ের পাখা। দারুণ রংচঙে। কারিগরেরা জানালেন, ১৮ থেকে ২০ বছর ধরে তাঁরা এ কাজ করছেন। রংপুরের বিখ্যাত শতরঞ্জিও পাওয়া যাচ্ছে মেলায়। নজরুল মঞ্চের সামনে স্টলে চোখের সামনেই ঝুড়ি, কুলা, গামলার মতো নিত্যব্যবহার্য পণ্য তৈরি করে চলেছেন দিনাজপুরের নির্মল। তিনি জানালেন, তিন পুরুষ ধরে কাজটি করছেন। বংশপরম্পরায় এটি তাঁর পেশা। এই মেলায় নিয়মিত আসেন তিনি।কারুশিল্পেরর মেলায় মিষ্টি, মুড়ি-মুড়কি থাকবে না, তা কী করে হয়! সীমিত হলেও এই মেলায়ও এসব খাবারের সমাহার রয়েছে। সেগুলো নিয়ে এসেছেন সোনারগাঁয়ের লাঙ্গলবন্দের পলাশ। কদমা, বাতাসা, মুরোলি, নিমকি, নকুলদানা, লাড্ডু—সব দিয়ে বিশাল স্টল সাজিয়েছেন তিনি। বিক্রিবাট্টা কেমন জানতে চাইলে পলাশ বলেন, ‘এখনো তেমন জমেনি। কাল (আজ শুক্রবার) থেকে পুরোদমে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে।’একাডেমীর পুস্তক বিক্রয় কেন্দ্রের সামনে চলছে বইয়ের আড়ং। বিশেষ ছাড়ে দেওয়া পুরোনো একটি প্রবন্ধ বই নেড়েচেড়ে দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান। তিনি জানান, ‘কম দামে বই কেনার এটি একটি ভালো সুযোগ। আমি কয়েক বছর যাবৎ এখানে আসছি নিয়মিত।’একাডেমীর কর্মকর্তা মুর্শিদ আনোয়ার বলেন, বইমেলায় ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিক্রিও ভালো। মেলায় বাংলা একাডেমীর প্রকাশিত বই বিশেষ কমিশনে কেনা যাচ্ছে।মেলায় পাওয়া যাচ্ছে জীবনীগ্রন্থ, একুশের স্মারকগ্রন্থ, একুশের প্রবন্ধ, একুশের কবিতা, একুশের উপন্যাসসহ বাংলা একাডেমীর বিভিন্ন সময়ে প্রকাশিত পত্রিকা-জার্নাল-অভিধান-কোষগ্রন্থ-গ্রন্থপঞ্জি। উৎসবের শেষ দিন ২৩ এপ্রিল। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।