বৈশাখী হাওয়া দরজিপাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখের জামা বানাতে অনেকেই ভিড় করছেন দরজিপাড়ায়। ক্রেতার পছন্দমাফিক জামা বানাতে ব্যস্ত দরজিরা। ছবিটি গতকাল মোহাম্মদপুরের একটি টেইলার্স থেকে তোলা ছবি l প্রথম আলো
বৈশাখের জামা বানাতে অনেকেই ভিড় করছেন দরজিপাড়ায়। ক্রেতার পছন্দমাফিক জামা বানাতে ব্যস্ত দরজিরা। ছবিটি গতকাল মোহাম্মদপুরের একটি টেইলার্স থেকে তোলা ছবি l প্রথম আলো

তাহমিনা হোসেন অনেকক্ষণ ধরেই দরজিকে বোঝাচ্ছেন। কিন্তু দরজির হাতে একদম সময় নেই। নাছোড়বান্দা তাহমিনার নানা অনুরোধে রাজি হলেন দরজি। তবে তাড়াহুড়ায় পোশাক ভালো না হলে দরজি দায় নেবেন না। দরজিপাড়া ছাড়াও বিপণিবিতান ও ব্লক-বাটিকের দোকানগুলোতে বৈশাখের প্রস্তুতি চলছে জোরেশোরেই।
বৈশাখ আসতে আরও দুই সপ্তাহ। তবে কেনাকাটা শুরু হয়ে গেছে এরই মধ্যে। বিপণিবিতানগুলোও ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে স্বাধীনতা দিবসের পরপরই পোশাক তুলেছে। গতকাল ধানমন্ডির আড়ংয়ে দেখা যায়, ক্রেতারা উল্টেপাল্টে দেখছেন বৈশাখ উপলক্ষে নতুন সংগ্রহ। নেহেরিমা পিউ নিজের ও মায়ের জন্য পোশাক নিলেন। পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা দেখছেন। তিনি বলেন, ‘একটু আগেই নিলাম। শেষ দিকে পছন্দের জিনিসটা পাওয়া যায় না।’
অনেকেই এসেছেন আড়ংয়ের নতুন সংগ্রহের বিজ্ঞাপন দেখে। কিন্তু বিজ্ঞাপনের পোশাকগুলো এখনো আসেনি। বিক্রয়কর্মী নিশি বললেন, শেষের দিকে সেগুলো আসবে।
চাঁদনী চকের দরজিদের দম ফেলার সুযোগ নেই। বিরতি নেই সেলাই মেশিনটিরও। একদিকে অর্ডারের জিনিস বুঝে নেওয়ার তাড়া, অন্যদিকে তৈরি পোশাক বুঝিয়ে দিতে হচ্ছে। দরজি নেয়ামতউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বৈশাখে ঈদের মতোই ভিড় হয়। সবাই কাপড় বানাইতে দেয়। এই মাসের শুরু থেইকাই অর্ডার পাইতাছি।’ এ বিপণিবিতানের আরও কয়েকজন দরজি বলেন, মার্চ থেকেই লোকজন পোশাক বানাতে দিচ্ছেন। তাঁদের এ ব্যস্ততা চলবে বৈশাখের আগের রাত পর্যন্ত।
শাহীন আলম সাদা শাড়িতে আট ধরনের রং দিয়ে নকশা করছেন। নিজের মোবাইলে দুটি শাড়ির নকশা দেখিয়ে বললেন, এবার এ দুটোর চাহিদা বেশি। নিউমার্কেটের তৃতীয় তলায় ব্লক-বাটিকের দোকানগুলোতে ঘুরে দেখা গেল অধিকাংশ দোকানেই একই রকম শাড়ি ও সালোয়ার-কামিজ। সঙ্গে লাল-সাদার আধিক্য তো আছেই। শাহীনের মতো বাকি দোকানিরাও ব্যস্ত কাপড়ে রং ও নকশা করতে। রুমানা বেগম নিজের বুটিকের জন্য অর্ডার দিয়েছেন। গতকাল এসে তাড়া দিয়ে গেলেন দোকানিকে। নিউমার্কেটের ফুটপাত থেকে শুরু করে সব দোকানের পণ্যেই বৈশাখী আমেজ।
দরজিপাড়া ও ব্লক-বাটিকের দোকানে ভিড় থাকলেও তৈরি পোশাকের দোকানগুলোতে কেনাকাটা জমবে সপ্তাহখানেক পর। শাহবাগের আজিজ সুপার মার্কেটের দোকানগুলোর পুতুলের গায়ে লাল-সাদা পোশাক। স্বাধীনতা দিবসের পরেই পুতুলের গায়ে উঠেছে বৈশাখী পোশাক। কে-ক্র্যাফটের এক বিক্রয়কর্মী বললেন, এ সপ্তাহেই নতুন সংগ্রহ এসেছে। বিক্রি সেভাবে না হলেও আগামী সপ্তাহে বাড়বে বলে আশা করছেন।