স্বাস্থ্যকে অধিকার হিসেবে বর্ণনা করা হয়। কিন্তু বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সব দেশে স্বাস্থ্য খাতে নানা বৈষম্য রয়েছে। এই বৈষম্য কমানোর জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা দরকার। পুষ্টি পরিস্থিতির উন্নতির পাশাপাশি দক্ষ জনবল বাড়ানো, স্বাস্থ্য খাতে অর্থায়ন ও ব্যয়ের ব্যাপারে বিচক্ষণতা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে।দেশি-বিদেশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পুষ্টিবিদ ও সরকারি কর্মকর্তারা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ১৩তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে চার দিনের এই সম্মেলন শেষ হয়।সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার ধারণা, স্বাস্থ্য খাতে অর্থায়ন, সরকারি-বেসরকারি অংশীদারি নিয়ে আলোচনা হয়। গতকাল সমাপনী অধিবেশনে সম্মেলনের কো-চেয়ারপারসন টিম ইভান্স বলেন, পাঁচটি প্ল্যানারি, ১০টি সিম্পোজিয়াম ছাড়াও ১৪টি বৈজ্ঞানিক অধিবেশন হয়েছে। সম্মেলনে প্রায় ৮০০ জন দেশি-বিদেশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক ও সরকারি কর্মকর্তা অংশ নেন।গত বুধবার একটি অধিবেশনে বিশিষ্ট পুষ্টিবিদ এম কিউ কে তালুকদার বলেন, পুষ্টি স্বাস্থ্যের উন্নতিতে, রোগ প্রতিরোধে এবং কিছু রোগ নিরাময়ে ভূমিকা রাখে। পুষ্টি পরিস্থিতি সবচেয়ে খারাপ, এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশের পুষ্টি পরিস্থিতির উন্নতি করতে হবে। কৃত্রিম শিশুখাদ্য প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানির সমালোচনা করে তিনি বলেন, শিশুখাদ্য ব্যবস্থায় (আইওয়াইসিএফ) আরও বেশি অর্থ বিনিয়োগ করতে হবে। জাতীয় পুষ্টি কার্যক্রম বন্ধের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা পুনর্বিবেচনারও দাবি জানান তিনি।সমাপনী অধিবেশনের সভাপতি আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক আলেহান্দ্রো ক্রেভিওটো বলেন, সম্মেলনের তথ্য ও অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যাবে, সেটাই আগামী দিনের মূল চ্যালেঞ্জ।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যসচিব হুমায়ুন কবির বলেন, এই সম্মেলনের অভিজ্ঞতা সরকার তার মতো করে কাজে লাগাবে।বিশেষ অতিথি ও আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য সোহরাব আলী বলেন, আইসিডিডিআরবির আবিষ্কার, সেবা ও অভিজ্ঞতা এ দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।ধন্যবাদ জ্ঞাপন পর্বে আইসিডিডিআরবির উপপরিচালক আব্বাস ভূঁইয়া বলেন, স্বাস্থ্যবিষয়ক গবেষণা ও আলোচনার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে পারে আইসিডিডিআরবি।