বৈষম্যমূলক আচরণকে অপরাধ বিবেচনা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন বলেছেন, সমাজে বৈষম্যমূলক সংস্কৃতির শিকার দলিত সম্প্রদায়ের মানুষেরা। শুধু রাজনৈতিক ও সরকারি পর্যায় থেকে তাদের ক্ষেত্রে বৈষম্য করা হয় না, সমাজের প্রতিটি পর্যায়ে তারা বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করতে বৈষম্যমূলক আচরণকে অপরাধ হিসেবে বিবেচনা করে আইন তৈরি করতে হবে।গতকাল শনিবার ‘দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও আইনগত সুরক্ষা’ শীর্ষক দক্ষিণ এশীয় পরামর্শ সভার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় মানবাধিকারকর্মী হামিদা হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ভোট পাওয়ার জন্য তাদের নির্বাচনী ইশতেহারে দলিতদের জন্য উদ্যোগ গ্রহণের কথা বললেও ক্ষমতায় গেলে তারা আর দলিতদের স্বীকার করতে চায় না।জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) আয়োজিত দুই দিনের এই কর্মসূচিতে বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, ডেনমার্ক ও জার্মানি থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন।গতকাল প্রথম দিনে পরামর্শ সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারজানা ইসলাম। এতে ‘বাংলাদেশে দলিত অধিকার আন্দোলন—একটি সার্বিক পর্যালোচনা’ শীর্ষক একটি বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন গবেষক মাজহারুল ইসলাম। বক্তব্য দেন বিডিইআরএমের সভাপতি মুকুল সিকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভারতের ন্যাশনাল ক্যাম্পেইন অন দলিত হিউম্যান রাইটসের পল দিবাকর, ডেনমার্কের ইন্টারন্যাশনাল দলিত সলিডারিটি নেটওয়ার্কের সমন্বয়কারী রিকি নরলিন্ড, নেপালের ফেমিনিস্ট দলিত অর্গানাইজেশন নেপালের প্রেসিডেন্ট দুর্গা সব, ভারতের নবসৃজন ট্রাস্টের নির্বাহী পরিচালক মঞ্জুলা প্রদীপ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন প্রমুখ।দ্বিতীয় পর্বে তিনটি বিষয়ভিত্তিক অধিবেশন হয়। দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক বঞ্চনা ও অর্থনৈতিক বৈষম্য শীর্ষক অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, সংখ্যালঘু জনগোষ্ঠী, দলিত ও সামাজিকভাবে বঞ্চিত মানুষের অধিকার—আইন, নীতিমালা ও আন্তর্জাতিক মানদণ্ড শীর্ষক অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম মাসুম বিল্লাহ, সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও সামাজিক বঞ্চনা—দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ শীর্ষক অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক পাভেল পার্থ।