বিশেষ সাক্ষাৎকার : অধ্যাপক সামছুল হক
বোঝা গেল, সরকার বাসমালিক–শ্রমিকদের কাছে দুর্বল
পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটেরও সাবেক পরিচালক তিনি। দীর্ঘদিন ধরে কাজ করছেন সড়ক নিরাপত্তা–সংশ্লিষ্ট বিষয় নিয়ে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন, সড়কের বিশৃঙ্খল পরিস্থিতি এবং উত্তরণের পথসহ নানা বিষয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সামছুর রহমান।
যাঁরা সুবিধাভোগী, তাঁরাই বসে আছেন সিদ্ধান্ত নেওয়ার বিভিন্ন কমিটিতে।
যেসব কাজে কেনাকাটা করা যায়, টাকা খরচ হয় সংস্থাগুলো সেগুলো করতে আগ্রহী।
জবাবদিহি না থাকার সংস্কৃতির কারণে পরামর্শ, দিকনির্দেশনায় কিছুই হয় না।
পরিবহন খাতের দুষ্টচক্র ভাঙতে পারলে সরকারেরই ভাবমূর্তি উজ্জ্বল হবে।
প্রশ্ন :
প্রথম আলো: সাড়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। এবারের দাবিগুলো সাড়ে তিন বছর আগেও তুলেছিল শিক্ষার্থীরা। সরকার পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের আশ্বাসও দিয়েছিল।
সামছুল হক: সাড়ে তিন বছর আগে যৌক্তিক দাবিতেই বড় আন্দোলন হয়েছিল। সড়কের বিশৃঙ্খল ব্যবস্থার বিরুদ্ধেই শিক্ষার্থীরা প্রতিবাদ করছে। ক্ষুদ্র জ্ঞান-বুদ্ধি দিয়ে তারা যেসব দাবি করেছে, তাতে পরিবহন সমস্যার সমাধান হয়ে যাবে এমন নয়। কিন্তু শিক্ষার্থীদের দাবি মেনে প্রধানমন্ত্রী নিজেও দিকনির্দেশনা দিয়েছিলেন।
সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি দেওয়ার পরও সেগুলো বাস্তবায়িত হয়নি। মূল কারণ জবাবদিহি নেই। সর্বোচ্চ পর্যায় থেকে যাঁরা নির্দেশনা দেবেন, তাঁদের নিশ্চিত করতে হবে, এটি বাস্তবায়ন হতেই হবে। বাস্তবায়ন না হওয়াতেই মালিক-শ্রমিকেরা ব্লাংক চেক (যা ইচ্ছা তাই করার সুযোগ) পেয়ে যাচ্ছেন।
পুরো পরিবহনব্যবস্থাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। পেশাদারি ব্যবস্থা নিশ্চিত করার জন্য দীর্ঘ মেয়াদে যেসব কাজ করার কথা, সেগুলো না করে দিন এনে দিন খাওয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো ব্যবস্থার পরিবর্তন না করে, খুব ঢিলেঢালা, জোড়াতালি দিয়ে এবং ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয় বলেই বারবার এমন ঘটনা ঘটছে। শিক্ষার্থীরা এ ব্যবস্থার পরিবর্তন চায়।
প্রশ্ন :
প্রথম আলো: সরকার ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর নতুন সড়ক পরিবহন আইন পাস করে। আইনটি সংশোধনের দাবিতে পরিবহনমালিক-শ্রমিকেরা ধর্মঘট করে সারা দেশ কার্যত অচল করে দেন। পরিবহনমালিক-শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ৩৪টি ধারা সংশোধনের প্রস্তাব আসে। এর মধ্যে ২৯টি ধারা আমলে নিয়ে সংশোধনের সুপারিশ করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। নিরাপদ সড়কের সব উদ্যোগ আটকে যাচ্ছে পরিবহনমালিক-শ্রমিকদের চাপে। বিষয়টি কীভাবে দেখছেন?
সামছুল হক: এটি সরকারের দুর্বলতার লক্ষণ। অত্যন্ত হতাশাজনক কর্মদক্ষতা সরকারের। একটা আইন পাস করার ক্ষেত্রে অনেক পক্ষ থাকে। এ আইনের ক্ষেত্রে মালিক-শ্রমিক শুধু একটা পক্ষ, আরও অনেক পক্ষের সঙ্গে আলোচনা, সুপারিশ নিয়ে আইনটি করা হয়েছে। এখন একটা পক্ষের আপত্তি আমলে নেওয়া হলো। তাতে বোঝা গেল, তাদের কাছে সরকার দুর্বল।
আইন সংশোধনের মাধ্যমে মালিক-শ্রমিকেরা বেপরোয়া হওয়ার, যা ইচ্ছা তাই করার ইঙ্গিত পান। পরিবহন খাতে সরকারের দুর্বলতা থাকলে আইন করার মানে হয় না। এমন অবস্থা থাকলে আইন করা হলেও তা তামাশায় পরিণত হবে।
প্রশ্ন :
প্রথম আলো: শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত কমিটি ৩০টি নির্দেশনা জারি করে। এসব নির্দেশনার অধিকাংশই ছিল সড়কে শৃঙ্খলা রক্ষার রুটিন দায়িত্ব এবং দ্রুত কার্যকর করার মতো বিষয়। কিন্তু নির্দেশনাগুলো পুরোপুরি কেন বাস্তবায়ন করা গেল না?
সামছুল হক: এ সরকার ধারাবাহিক সরকার। এখন দিকনির্দেশনা দেওয়ার সময় নয়। দিকনির্দেশনা মানে করুন। এখন জানতে চাওয়ার সময় এত দিন করেননি কেন? এত দিন পরে এসে যদি করতে বলা হয়, তাহলে এত দিন যে করেননি সেটার দায়মুক্তি দেওয়া হয়। তার মানে এত দিন না করায় কোনো জবাবদিহি করা হচ্ছে না। এ মানসিকতা বদলাতে হবে। এত দিকনির্দেশনা, পরামর্শ থাকার পরেও এত দিন সড়ক নিরাপদ কেন হলো না, জবাবদিহি হিসেবে সেটা জিজ্ঞেস করতে হবে।
কী করণীয়, সেটি নিয়ে জনগণের টাকায় অনেক দলিল হয়েছে। পরামর্শ, নির্দেশনার অভাব নেই। এগুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর প্রতিবেদন হয়েছে। পালন করতে বাধ্য এমন দিকনির্দেশনা হতে হবে। যারা নির্দেশনা দিয়েছিল, তারা জিজ্ঞেস করতে পারত কেন বাস্তবায়ন হয়নি। জবাবদিহি না থাকার সংস্কৃতির কারণে তারা জানে এসব দিকনির্দেশনায় কিছুই হবে না।
প্রশ্ন :
প্রথম আলো: সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে বাসভাড়া বৃদ্ধি, চালকের সাজা, আইন সংশোধনসহ বিভিন্ন দাবিতে পরিবহনমালিক ও শ্রমিকেরা ধর্মঘট ডেকে যাত্রীদের জিম্মি করছেন। এ বিষয়ে আপনার মতামত কী?
সামছুল হক: সরকার বলিষ্ঠ ভূমিকা না নিলে মালিক-শ্রমিকদের হাতে দেশ অচল করে জনগণকে জিম্মি করার যে অস্ত্র আছে, তা দিয়ে বারবার বেকায়দায় ফেলা হবে। সরকারকে ভিন্ন কৌশলগতভাবে চিন্তা করতে হবে। সড়কে মৃত্যুর মিছিল বাড়ছে। সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। তা না হলে পরিস্থিতি বদলাবে না।
কঠোর আইন করে, সংস্থাগুলো দরদি হলেও সমস্যার সমাধান হবে না। পরিবহন খাতে এখন হাজার হাজার মালিক। তারা এখন নিয়ন্ত্রণহীন। যাঁরা সুবিধাভোগী, তাঁরাই বসে আছেন রুট পারমিট দেওয়ার কমিটিতে। কমিটি থেকে নেতারা লাভজনক রুটে রুট পারমিট নিয়ে আর কাউকে নিতে দিচ্ছেন না।
পরিবহন নেতাদের জন্য রুট পারমিট পাওয়াটাই যথেষ্ট। এরপর থেকে তারা সবচেয়ে সহজ আয় শুরু করে। ওই পথে পরিবহন চালাতে গেলে তার ব্যানারেই চালাতে হবে। এ ব্যানারে ঢুকতে গেলেই বাসমালিকদের অনেক টাকা চলে যাচ্ছে। পুরো প্রক্রিয়ায় লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা।
বাসমালিকদের টার্মিনালে চাঁদা দিতে হচ্ছে, সড়কে পুলিশকে টাকা দিতে হচ্ছে। এসব খরচ তো মালিককে তুলতে হবে। নিরীহ যাত্রীদের কাছ থেকেই মালিকেরা আদায় করেন এসব খরচ। অন্যদিকে মালিকেরা চান নির্দিষ্ট আয়। তাঁরা চুক্তিতে চালক-সহকারীর কাছে বাস ছেড়ে দেন। পৃথিবীর কোথাও এমন নেই।
প্রশ্ন :
প্রথম আলো: এক যুগের বেশি সময় ধরে দেখা যাচ্ছে, পরিবহনমালিক-শ্রমিকেরা সরকারের ভেতরেই থাকছেন। ফলে পরিবহনবিষয়ক যেকোনো ইস্যুতে জনস্বার্থের বদলে সরকার মালিক-শ্রমিকদের স্বার্থই দেখে বলে অভিযোগ রয়েছে।
সামছুল হক: নিজেরা বাসমালিক, আবার তাঁরাই সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে থাকছেন। তাঁরা একটা বিরাট সিন্ডিকেট। রুট পারমিটের অনুমতি নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা ফেঁদেছেন তাঁরা। রুট পারমিট যাঁরা দিচ্ছেন, তাঁরা সরকারি দলেরই। তাঁরা অনুমতি নিয়ে চুক্তিতে অন্যকে দিয়ে দিচ্ছেন। এ কারণেই গণপরিবহনের সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। এ চিত্র বদলানো না গেলে সরকার, জনগণকে আরও বেশি ভুগতে হবে।
প্রশ্ন :
প্রথম আলো: রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা মহানগর পুলিশ এবং ঢাকার দুই সিটি করপোরেশনের মতো সংস্থাগুলোর ভূমিকা কীভাবে মূল্যায়ন করবেন?
সামছুল হক: যেসব কাজে কেনাকাটা করা যায়, টাকা খরচ হয়, তারা সেগুলো করতে আগ্রহী। ঢাকার মতো মেগা সিটির পরিবহনব্যবস্থা অত্যন্ত কঠিন ও জটিল কাজ। সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিবহনব্যবস্থা সুশৃঙ্খল করতে গেলে প্রকল্পের মতো বাস্তবায়নের চেষ্টা করলে হবে না। রাত-দিন ২৪ ঘণ্টা, ৩৬৫ দিন দরদ দিয়ে কাজ করতে হবে। প্রতিদিন নতুন গাড়ি আসছে, পথচারী যোগ হচ্ছে। ফলে কাজ করে যেতেই হবে।
ঢাকার দুই মেয়র অনেক প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলো তাঁরা নিজেদের প্রতিষ্ঠানকেই সঠিক ব্যবস্থাপনায় চালাতে পারছেন না। একটা শহরকে সঠিক ব্যবস্থাপনায় আনতে হলে আগে তো নিজের প্রতিষ্ঠানকে ব্যবস্থায় আনতে হবে, না হলে নগরপিতার কথা তো কেউ শুনবে না। মেয়রের প্রতিষ্ঠানের একটা গাড়ি ব্যবস্থাপনার গলদ নিয়ে একটা মানুষকে চাপা দিয়ে মেরে ফেলে, সেটার দায় মেয়র এড়াতে পারেন কি না।
সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা সড়কের শৃঙ্খলার বিষয়টি অতি সরলীকরণ করে ফেলেন। ‘সব হয়ে যাবে, এটি করে ফেলছি’ ধরনের কথা বলে দেন। তাঁরা এতে নিজেদের অক্ষমতারই পরিচয় দিচ্ছেন। এতে কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং সমস্যা জটিল হচ্ছে। জনগণের প্রতি দায়বদ্ধ নয় সংস্থাগুলো।
সংস্থাগুলোর নিবিড়ভাবে কাজ করে যাওয়ার মানসিকতা নেই। তারা অভিযানসর্বস্ব মৌসুমি কিছু কাজ করছে। যার অনেকটাই লোকদেখানো। ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার মানসিকতার ঘাটতি রয়েছে। উন্নত বিশ্বে যেখানে সবাই মোটামুটি শিক্ষিত চালক, আইন মেনে চলেন, তারপরও সেখানকার সংস্থাগুলো ধারাবাহিকভাবে কাজ করে যায়।
প্রশ্ন :
প্রথম আলো: রাজধানীতে বেপরোয়া বাস চালানো ও রেষারেষি বন্ধে ‘বাস রুট রেশনালাইজেশন’ বা বাস রুট ফ্র্যাঞ্চাইজ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে চার বছরের বেশি সময় আগে। এ–সংক্রান্ত গঠিত কমিটি এখন পর্যন্ত ১৮টি সভা করেছে। এ কার্যক্রম চালুর ক্ষেত্রে জটিলতাগুলো কী? অযথা সময়ক্ষেপণ করা হচ্ছে বলে মনে করেন?
সামছুল হক: ‘বাস রুট রেশনালাইজেশন’ বা বাস রুট ফ্র্যাঞ্চাইজ (বিআরএফ) মডেলটি পুরো বিশ্বের জন্যই মডেল। এটি চালাতে হলে বর্তমান গণপরিবহনব্যবস্থাকে মূল্যায়ন করতে হতো। যাঁরা কমিটিতে আছেন, তাঁদের সবাই গণপরিবহন বিশেষজ্ঞ নন। ক্ষমতাবলে দায়িত্বপ্রাপ্ত। তাঁরা একধরনের বিভ্রমের মধ্যে আছেন।
কীভাবে এটি চলবে, তা ২০১৫ সালে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার প্রতিবেদনেই বলা আছে। হাজার হাজার মালিক থাকবে না। ঢাকায় পাঁচটি কোম্পানির অধীনে বাস চলবে। আগে পেশাদারি লোকজনকে নিয়ে গণপরিবহন কর্তৃপক্ষ করতে হবে, যারা বাস রুট ফ্র্যাঞ্চাইজির কার্যক্রম প্রতিদিন দেখভাল করবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা না বাড়িয়ে বিআরএফ চালু করলে স্বল্পকালীন প্রকল্পের মতোই হবে।
অথচ এখন বাস ফ্র্যাঞ্চাইজ কমিটি একটা দুষ্টচক্রের মধ্যে পড়ে আছে। তারা এ কার্যক্রম শুরুর জন্য ১০০ কোটি টাকা চাইছে। ঢাকায় পরিবহনের যে চাহিদা, বিআরএফ করে কোনো বিদেশি কোম্পানিকে বললে সরকার উল্টো আরও ১০০ কোটি টাকা রয়্যালটি পেত। কোথায় সরকার ভ্যাট-ট্যাক্স পাবে, কমিটি এখন টাকা ধার চাইছে। এগুলোর মাধ্যমে সুবিধাবাদীদের দলকে সুযোগ দেওয়া হচ্ছে।
প্রশ্ন :
প্রথম আলো: সরকারি পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনায় হতাহত বেড়েছে। করোনা বিধিনিষেধের মধ্যেও সড়কে প্রাণহানি কমেনি। কোনো দুর্ঘটনা ঘটলে কয়েক সপ্তাহ নিরাপদ সড়ক নিয়ে আলোচনা হয়, তারপর সবকিছু আগের মতোই হয়ে যায়। এমন পরিস্থিতিই কি চলতে থাকবে? সড়ক নিরাপদ করতে এ মুহূর্তে করণীয় কী?
সামছুল হক: আমূল পরিবর্তন লাগবে। শুধু কারিগরিভাবে সমস্যার সমাধান সম্ভব হবে না। গণপরিবহনের রোগটা জটিল থেকে জটিলতর হয়ে জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিবহনব্যবস্থায় এত উচ্ছৃঙ্খল-বিশৃঙ্খল করে ফেলেছি, এ বিদ্যমান ব্যবস্থায় সরকার আধুনিক কিছুই করতে পারবে না। পুরো পরিবহনব্যবস্থাকে সংশোধন করতে হবে। বিদ্যমান ব্যবস্থাকে পর্যালোচনা না করলে সমস্যার সমাধান হবে না।
সড়কের রোগটা হয়ে গেছে রাজনৈতিক। যাঁরা মালিক, তাঁরাই সরকারের ভেতরে আছেন, একটা দুষ্টচক্র হয়ে আছে। তাই শুরুটা করতে হবে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। টেকসই সমাধান করতে হলে রাজনৈতিক সদিচ্ছা লাগবে। পেশাদারি লোকজনকে কাজে লাগাতে হবে।
শুধু দালানকোঠা বানালেই উন্নত হওয়া যায় না, পরিবহনব্যবস্থা উন্নত করতে হবে। ঢাকায় পরিবহন খাতে শৃঙ্খলা এলে, অন্য শহরে তা বাস্তবায়ন করা সহজ হবে। পরিবহন খাতের অনেক দিনের এ দুষ্টচক্র ভাঙতে পারলে সরকারেরই ভাবমূর্তি উজ্জ্বল হবে।