বোতলে মেঘ, জলের হাঁটা, সবই ছিল অরণির বিজ্ঞান মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরণি বিদ্যালয়ে বিজ্ঞান মেলায় খুদে শিক্ষার্থীরা l প্রথম আলো
অরণি বিদ্যালয়ে বিজ্ঞান মেলায় খুদে শিক্ষার্থীরা l প্রথম আলো

মাটি ছাড়া বীজ থেকে নতুন গাছ তৈরি, লাভা ল্যাম্প, এটিএম বুথ, মোটরচালিত নৌকা, এক বোতলে মেঘ, জলের হাঁটা, বায়ু ও পানির খেলা, ক্রেজি বেলুন, জেলির ডিম, অদৃশ্য ডাকটিকিট, বিভিন্ন ধরনের মসলার দ্রবণে পানি শোষণের তারতম্য, ফল ও সবজি দিয়ে ব্যাটারি তৈরি, স্পিডবোটের গতি পর্যবেক্ষণসহ প্রায় ৫০টি আবিষ্কার নিয়ে ব্যস্ত খুদে বিজ্ঞানীরা।

গতকাল রোববার রাজধানীর অরণি বিদ্যালয়ের চিত্র এটি। এই খুদে বিজ্ঞানীরা এই বিদ্যালয়ের শিক্ষার্থী। লালমাটিয়ায় বিদ্যালয় ভবনে তারা অংশ নেয় বিজ্ঞান মেলায়। খুদে বিজ্ঞানীরা সংখ্যায় প্রায় ২০০। একদম যারা ছোট (প্লে গ্রুপসহ) তারা হাতের ছাপ দিয়েছে। বিভিন্ন চারাগাছ দিয়ে বাংলাদেশের মানচিত্র বানিয়ে স্কুল প্রাঙ্গণে লিখে রেখেছে সবুজে ঘেরা বাংলাদেশ। স্কুলের চারপাশে গাছ লাগানোর আহ্বান জানিয়ে লেখা ব্যানার। খুদে বিজ্ঞানীদের কখন কী লাগে তা নিয়ে তৎপর স্কুলের শিক্ষক, কর্মচারী (খালা, মামা) এবং অভিভাবকেরা। খুদে বিজ্ঞানীদের আবিষ্কার দেখার পর মন্তব্য খাতায় মন্তব্য লেখার আবদার তো ছিলই। দর্শক শিক্ষক, অভিভাবক বা খালা, মামা যেই হোক।

দিনব্যাপী চলা বিজ্ঞান মেলায় দশম শ্রেণির শিক্ষার্থী ইসফার ইব্রাহিম বলল, ‘ভেবেছিলাম লেবু থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে। কিন্তু বেশি বিদ্যুৎ পেলাম টমেটো থেকে।’

ষষ্ঠ শ্রেণির জয়িতা, রুমাইসা ও সাহিবা হলুদ, মরিচের গুঁড়োসহ বিভিন্ন মসলা নিয়ে বসেছিল। বিভিন্ন ধরনের মসলার দ্রবণে পানি শোষণের তারতম্য নিয়েই চলছে তাদের গবেষণা। চতুর্থ শ্রেণির বর্ণিল গম্ভীর মুখে বলল, এটি হলো ‘ক্রেজি বেলুন’। এর ভেতরে যতক্ষণ বায়ু থাকবে ততক্ষণ বেলুন ঘুরবে, আবার উড়েও যেতে পারে কিন্তু। তৃতীয় শ্রেণির পিয়েতা জানিয়ে দিল গরম পানি ও বরফ পানির গ্লাসে ভিন্ন ধরনের খাবারের রং মেশানোর পর আবার বিশেষ কায়দায় দুই গ্লাস একসঙ্গে করলেও দুই গ্লাসের পানি মিশবে না। একই শ্রেণির সুমিতি বায়ু ও পানির খেলায় দেখাল বোতল ফুটো থাকার পরও পানি পড়ে যাচ্ছে না। অনিন্দ্য স্বপ্ন পানিতে মোটরের নৌকা চালিয়ে দেখাল। একজনের আবিষ্কারের ফলে দুই টুকরো বরফ একসঙ্গে লেগে যাওয়ার কথা। কিন্তু প্রতিবেদকের সামনে তা কিছুতেই হচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর প্রতিবেদকের দিকে দৌড়ে এসে জানাল—দেখেন, বরফ কিন্তু একসঙ্গে লেগে গেছে।

স্কুলের প্রধান শিক্ষক নিনা ভূঁইয়া প্রথম আলোকে বলেন, প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গত বছর থেকে চালু হয়েছে বিজ্ঞান ক্লাব। সপ্তাহে দুদিন ক্লাস হয়। এই ক্লাবের তত্ত্বাবধানেই মেলার আয়োজন। এর মাধ্যমে শিশুদের বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ জন্মাবে। মেলায় অংশ নিয়ে তারা হাতে-কলমে বিজ্ঞানকে বুঝতে চাইছে, এটা খুবই গুরুত্বপূর্ণ।