রাজধানীর যাত্রাবাড়ীর দোলাইরপাড়ের একটি কিন্ডারগার্টেন স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে দুর্গা দাস খাসকেল। তার ছোট ভাই পাঁচ বছর বয়সী অভিমন্যু খাসকেলও পড়ত একই স্কুলে। তাই দুজনের সকাল–সন্ধ্যা একসঙ্গে কাটত। বুধবার সন্ধ্যার পর আর ফেরেনি অভিমন্যু। তাই দুর্গার প্রশ্ন, অভিমন্যু কি হারিয়ে গেছে?
কদিন আগে অভিমন্যুর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ে। তাই বুধবার সন্ধ্যায় দয়াগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যান মা সুমা দাস আর কাকা গোপাল দাস খাসকেল। ব্যাটারিচালিত অটোরিকশাযোগে দয়াগঞ্জ থেকে বাড়ি ফিরছিল তারা। কিন্তু পেছন থেকে আরেকটি অটোরিকশা তাদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে অভিমন্যু। এরপর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট্ট শিশুটি।
ছোট ভাই অভির মৃত্যুর পর চুপচাপ হয়ে গেছে আর মাঝেমধ্যেই কাঁদছে বোন দুর্গা দাস। তার বাবা বিনয় দাস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার অভিমন্যুকে মেরে ফেলেছে, আমার স্বপ্ন চুরমার হয়ে গেছে। আমার ছোট্ট মেয়ে দুর্গা আমায় বারবার জিজ্ঞাসা করছে, “বাবা, অভিমন্যু কি হারিয়ে গেছে?” দুর্গার কান্না দেখে নিজের মাথা ঠিক রাখতে পারছি না।’
এদিকে অভিমন্যুর মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় অজ্ঞাত ব্যাটারিচালিত অটোরিকশাচালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার অভিমন্যুর বাবা বিনয় দাস এ মামলা করেন।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অটোরিকশাচালককে এখনো আমরা চিহ্নিত করতে পারিনি। দুর্ঘটনাস্থল ও তার আশপাশের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। আমরা আশা করছি, অল্প সময়ের ব্যবধানে চালককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে পারব।’
অভিমন্যুর মরদেহ ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে নিয়ে যাওয়া হয় তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী। পরে বিকেলে শেষকৃত্য সম্পন্ন হয়। অভিমন্যুর বাবা বিনয় দাসের ভাই বিপুল চন্দ্র খাসকেল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা পাঁচ ভাই। পাঁচ ভাই যাত্রাবাড়ীতে থাকি। ছোট্ট অভিমন্যুর বাবা বিনয় দাস ভাইদের মধ্যে তৃতীয়। অভিমন্যু আমাদের অতি আদরের ছিল। ওর মৃত্যু মেনে নিতে পারছি না।’
অভিমন্যুর মৃত্যুর পর বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা সুমা দাস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিমন্যুর মায়ের আহাজারি মানুষকে আবেগতাড়িত করে। সুমা বলে চলেন, ‘আমার অভিকে এনে দাও। আমি বাঁচব না।’
অভিমন্যুর বাবা বিনয় দাস বলেন, ‘যে চালক আমার ছোট্ট অভিমন্যুকে বাঁচতে দিল না, আমি তার শাস্তি চাই। আর যেন কোনো বাবা-মায়ের বুক এভাবে খালি না হয়।’