বোমা বানাতে গিয়ে উড়ে গেছে যুবকের আঙুল
রাজধানীর গোড়ানে এক বাড়িতে গত বুধবার গভীর রাতে বোমা বানাতে গিয়ে আবু সাঈদ (৩২) নামে এক যুবকের হাতের কয়েকটি আঙুল উড়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, বাড়িটি খিলগাঁও থানা বিএনপির এক নেতার।খিলগাঁও থানার পুলিশ জানায়, গোড়ানে বিএনপির এক নেতার বাড়িতে বুধবার দিবাগত রাত দুইটার দিকে চার যুবক বোমা বানাচ্ছিলেন। একপর্যায়ে বোমার বিস্ফোরণ ঘটলে আবু সাঈদের দুই হাতের কয়েকটি আঙুল উড়ে যায়। গুরুতর আহত সাঈদ রিকশায় করে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে খিলগাঁও থানার পুলিশ হাসপাতালে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল হক দাবি করেন, বাড়িটি খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুস মৃধার। পুলিশ ঘটনাস্থল থেকে মনির ও বেলায়েত নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে বোমার আঘাতে আহত মনিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ধরা পড়া তিন যুবকসহ সাত-আটজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।বিএনপির নেতা ইউনুসকে আসামি করা হয়েছে কি না, এই প্রশ্নে সাজেদুল জানান, তদন্তের স্বার্থে তা বলা যাবে না।