বোমা হামলার মামলা, জেএমবির এক সদস্যের মৃত্যুদণ্ড
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে ২০০৯ সালে সংবাদ সম্মেলনে বোমা হামলা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাইবান্ধা জেলার সাঘাটা থানার বারকোনা গ্রামে ফয়েজার রহমানের ছেলে মামুনুর রশিদ। রায় ঘোষণার আগে মামুনুর রশিদকে আদালতে হাজির করা হয়।২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি মামুনুর রশিদকে টঙ্গী থানার পুলিশ আটক করে। এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি তাজা গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মামুনুর রশিদকে হাতকড়া পরিয়ে আনা হয়। সম্মেলন চলাকালে মামুনুর রশিদ টেবিলে রাখা একটি গ্রেনেড নিয়ে বিস্ফোরণ ঘটান। এতে পুলিশ কর্মকর্তা, সাংবাদিকসহ ১৩ জন আহত হন।এ ঘটনায় জয়দেবপুর থানার পুলিশের উপপরিদর্শক নাজমুল ইসলাম খান বাদী হয়ে মামলা করেন।