বোর্ডবাজার থেকে অসলো, মুগ্ধ করল রোহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছরের ছোট্ট রেজওয়ানুল হোসেন রোহান পড়ে গাজীপুরের বোর্ডবাজারের জাগো অনলাইন স্কুলে। রোহানদের স্কুলে শিক্ষকেরা ক্লাস নেন ঢাকার রায়েরবাজার থেকে, অনলাইনে। সেই রোহানদের সঙ্গে অনলাইনে সরাসরি কথা বললেন নরওয়ের অসলোতে টেলিনর ইয়ুথ ফোরামে যোগ দিতে আসা তরুণেরা। শুনলেন বাংলাদেশের কথা।

৮ ডিসেম্বর থেকে অসলোতে শুরু হয়েছে চার দিনের টেলিনর ইয়ুথ ফোরাম। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনরের আয়োজনে এই ইয়ুথ ফোরামে ১৩টি দেশের ২৫ জন তরুণ নিজেদের স্বপ্ন-পরিকল্পনা নিয়ে এসেছেন।

আজ বৃহস্পতিবার এখানে বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বলতে এসেছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জিহাদ জামান। কথা বলার মধ্যেই জিহাদ চলে গেলেন জাগোর গাজীপুরের অনলাইন স্কুলে। অসলোতে তখন সকাল নয়টা আর গাজীপুরে দুপুর দুইটা। অসলোতে আসা বিদেশি তরুণেরা ইংরেজিতে প্রশ্ন করে গেলেন শিশু শিক্ষার্থীদের, আর শিশুরাও পটাপট উত্তর দিল। ক্যামেরার সামনে এগিয়ে এল রোহান, জানাল বাংলাদেশ সম্পর্কে। আবারও প্রশ্ন ছুড়ে দেওয়া হলো অসলো থেকে, সেগুলোরও ঠিকঠাক জবাব দিল রোহান। মুহুর্মুহু হাতে তালি পড়ল রোহানদের জন্য।

জিহাদ জামান জানালেন, ২০০৭ সালে কয়েক বন্ধু মিলে শুরু করেন জাগোর কার্যক্রম। এখন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ১৩টি স্কুল চালাচ্ছে জাগো, এর মধ্যে ১০টি অনলাইন স্কুল। গ্রামীণফোন, জাগো ও অগ্নি সিস্টেম যৌথভাবে অনলাইন স্কুলগুলো চালাচ্ছে।