বোয়েসেল কার্যালয়ে বিদেশগামী কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ইস্কাটনের কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ ও সামান্য ভাঙচুর চালিয়েছেন বিদেশগামী কর্মীরা।বিক্ষোভকারীরা জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সার্ভারকক্ষটি দুই দিন নষ্ট ছিল। গতকাল ভোর থেকে বিদেশগামী শ্রমিকেরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) দিতে পারছিলেন না। আঙুলের ছাপ ছাড়া স্মার্ট কার্ড পাওয়া যায় না। আর স্মার্ট কার্ড ছাড়া এখন বিদেশে যাওয়া যায় না। তাই ক্ষুব্ধ শ্রমিকেরা আঙুলের ছাপ দিতে না পেরে বিক্ষোভ করেন এবং ভাঙচুর চালান।বোয়েসেলের মহাব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, প্রতিদিন দুই থেকে আড়াই হাজার লোক এখানে আঙুলের ছাপ দিতে আসেন। কিন্তু রোববার থেকে সার্ভার অকার্যকর হয়ে পড়ে। সোমবার শ্রমিকের সংখ্যা অন্য দিনের তুলনায় তিন-চার গুণ ছিল। এই অতিরিক্ত লোকের চাপেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। শ্রমিকেরা একপর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালান। এতে সার্ভারকক্ষ ক্ষতিগ্রস্ত না হলেও বোয়েসেলের কয়েকটি কক্ষের জানালা ভেঙে যায়। তবে দুপুর ১২টার পর সার্ভার চালু হয়েছে।