বোয়েসেলের সামনে দক্ষিণ কোরিয়ায় যেতে ইচ্ছুক তরুণদের অনশন
আবারও অনশন শুরু করেছেন দক্ষিণ কোরিয়াগামী তরুণেরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে প্রায় আড়াই শ তরুণ অনশন শুরু করেন। এর ফলে ওই এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়।সাজ্জাদ হোসেন, মামুনসহ আরও কয়েকজন তরুণ প্রথম আলোকে জানান, এর আগে গত সোমবারও তাঁরা একই স্থানে দিনব্যাপী অনশন করেন। কিন্তু তাঁদের কর্তৃপক্ষ বলেছিল, ৪৮ ঘণ্টা সময়সীমার মধ্যে সমস্যার সমাধান করা হবে। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁদের সমস্যার সমাধান করা হয়নি। তাই তাঁরা গতকাল থেকে আবার অনশন শুরু করেন। বিকেলে কর্তৃপক্ষ এক সপ্তাহর মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাঁরা অনশন ভঙ্গ করেন।অনশনকারী তরুণেরা জানান, ভাষা পরীক্ষায় উত্তীর্ণসহ সবকিছু চূড়ান্ত হওয়ার পর দুই বছর পেরিয়ে গেলেও তাঁরা দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না। সরকারি জনশক্তি রপ্তানিকারক একমাত্র প্রতিষ্ঠান বোয়েসেল এ ক্ষেত্রে কোনো ভূমিকাই রাখতে পারছে না। উল্টো তাদের গাফিলতির কারণে বিপাকে পড়েছেন তাঁরা। ২০০৭ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর ফলে দক্ষিণ কোরিয়া প্রতি বছর আট থেকে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দেয়। প্রার্থীরা জানান, দুই দফায় ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আট হাজার তরুণ। স্বাস্থ্য পরীক্ষাসহ তাঁদের সবকিছু চূড়ান্তও হয়। কিন্তু প্রথম ব্যাচে উত্তীর্ণ দুই হাজার ৮৫০ জনের মধ্যে এখনো ৫৪৯ জন কোরিয়া যেতে পারেননি। এ ছাড়া দ্বিতীয় ব্যাচে উত্তীর্ণ পাঁচ হাজারের মধ্যে সাড়ে চার হাজারই এখনো অপেক্ষায় আছেন। দীর্ঘদিন ধরে ঘোরাঘুরি করেও তাঁরা যেতে পারছেন না। ইতিমধ্যে তাঁদের ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদের মেয়াদ শেষ হতে চলেছে। তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে তাঁরা বারবার বোয়েসেলের সঙ্গে যোগাযোগ করলেও সমস্যার সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা আমরণ অনশন শুরু করেছেন। এর আগে মার্চ মাসে তাঁরা বিক্ষোভ করেছেন।বোয়েসেলের মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম বলেছেন, সরকার সমস্যা সমাধানে আন্তরিক চেষ্টা করছে। কিন্তু বিষয়টি দক্ষিণ কোরিয়ার ব্যাপার। তারা লোক না নিলে বাংলাদেশের কিছুই করার নেই।