ব্যক্তি ও দলীয় স্বার্থ সঠিক ইতিহাস বিকৃত করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রমে ইতিহাস শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছেন দেশবরেণ্য ইতিহাসবিদেরা। বাংলাদেশ ইতিহাস পরিষদের ৪১তম বার্ষিক সেমিনারে এই সুপারিশ করা হয়। ওই সেমিনারে ইতিহাসবিদেরা অভিযোগ করেন, স্কুল পর্যায়ে ইতিহাস চর্চা হচ্ছে না। এমনকি ইতিহাসের ওপর উঁচুমানের গবেষণাও হচ্ছে না। দেশের মানুষ অর্ধশত বছরের পুরোনো ইতিহাসই সঠিকভাবে জানতে পারছে না—শতবর্ষ, হাজার বছরের ইতিহাস তো পরের কথা। তাঁরা বলেন, ব্যক্তিস্বার্থ ও ক্ষুদ্র দলীয় স্বার্থ সঠিক ইতিহাস বিকৃত করছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ইতিহাসবিদ, শিক্ষক ও গবেষকেরা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক পাঠ্যক্রমে বাঙালির ইতিহাস সম্পর্কে যথেষ্ট তথ্য না থাকার বিষয়টি তুলে ধরেন। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বই থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে এবং নয় মাস ধরে চলা যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়’—শুধু এটুকুই ছিল। শুধু মুক্তিযুদ্ধ নয়, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য যাঁরা বিশ্বনন্দিত তাঁদের সম্পর্কেও ইতিহাস বইয়ে যথেষ্ট উল্লেখ নেই। তিনি বলেন, এগোতে হলে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ইতিহাস চর্চার কোনো বিকল্প নেই।মূল বক্তা প্রাবন্ধিক বদরুদ্দীন উমর বলেন, ‘স্কুল পর্যায়ে বাংলাদেশের ইতিহাস আলোচনা স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন শুধু তাতেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। আশির দশক থেকে এই বিতর্কের সূত্রপাত হয়েছে।’ অনুষ্ঠানের সভাপতি জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ বলেন, সত্যিকার অর্থেই বাংলাদেশে প্রাতিষ্ঠানিক, পেশাদারী গবেষণা তেমন গুরুত্ব পায়নি। তবে, ২০০৮ সালে দুই দিনব্যাপী সেমিনারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর বেশ কিছু প্রবন্ধ উপস্থাপিত হয়েছিল। তিনি এ ধরনের গবেষণা আরও জোরদার করার আহ্বান জানান। অনুষ্ঠানে ওয়াকিল আহমেদ ও মো. আখতারুজ্জামান সম্পাদিত ইতিহাস পত্রিকা বিতরণ করা হয়।। এতে ভাষা আন্দোলনসহ মোগল আমল, সুলতানি আমলের বিভিন্ন বিষয় নিয়ে ১১টি প্রবন্ধ রয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক হাবিবা খাতুন। সঞ্চালনা করেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ আ ফ ম সালাউদ্দীন, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান, নাজমা খান মজলিস, ওয়াকিল আহমেদ, হাবিবা খাতুন, মো. এনামুল হক, সুলতান আহমেদ প্রমুখ।