ব্যক্তিগত গাড়ি আমদানি বন্ধের দাবি সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ি আমদানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা কমিটি। একই সঙ্গে সপ্তাহে দুই দিন ঢাকার রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়ে কমিটি বলেছে, রাজধানীর যানজটের প্রধান কারণ ব্যক্তিগত গাড়ির আধিক্য। ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদের ও সাধারণ সম্পাদক আহসান হাবিব লাবলু গতকাল এক বিবৃতিতে বলেন, রাজধানীর যানজট নিরসনের নামে রিকশা উচ্ছেদ করা হচ্ছে। যেসব রাস্তায় রিকশা চলাচল বন্ধ করা হচ্ছে, সেখানে যানজট আরও বাড়ছে। যানজট নিরসনে ও যাত্রীদুর্ভোগ কমাতে ঢাকা-জয়দেবপুর এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৩০ মিনিট পর পর ট্রেন চালু করার দাবি জানান তাঁরা। এ ছাড়া যাত্রী হয়রানি বন্ধে সরকারি উদ্যোগে প্রতিটি বাস থামার স্থানে ভাড়ার তালিকা প্রদর্শনেরও দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।