ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে দুটি সড়ক বাছাই
সড়কে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করে শিশুদের খেলাধুলা, বয়স্কদের অবসর সময় কাটানো এবং সবার জন্য নিরাপদ এলাকা তৈরি সম্ভব। ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করতে রাজধানীর দুটি সড়ককে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। সড়ক দুটি হলো মোহাম্মদপুর হাউজিং সোসাইটির ৩ নম্বর সড়ক এবং মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা সড়ক।
গত বছর প্রথমবারের মতো সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে দেশে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালিত হয়। সে আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে অন্তত একটি সড়ক ব্যক্তিগত গাড়িমুক্ত করবেন। এর ধারাবাহিকতায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের তত্ত্বাবধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা একটি গবেষণা কার্যক্রম শুরু করেন।
গবেষণা দলটি ব্যক্তিগত গাড়িমুক্ত সড়ক করার জন্য ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর হাউজিং সোসাইটির ৩ নম্বর সড়ক এবং ৩১ নম্বর ওয়ার্ডের রাজিয়া সুলতানা সড়ক দুটি প্রাথমিকভাবে বাছাই করেছে। গতকাল রোববার ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ‘পথচারীবান্ধব সড়ক সৃষ্টিতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ’ শিরোনামে এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।
সভায় বলা হয়, মোহাম্মদপুর হাউজিং সোসাইটির ৩ নম্বর সড়কটি প্রায় ৪০০ মিটার এবং রাজিয়া সুলতানা সড়কটি ৫৩০ মিটার দৈর্ঘ্যের। সড়ক দুটির স্থানীয় বাসিন্দাদের ৭০-৮০টি ব্যক্তিগত গাড়ি রয়েছে। এই গাড়িগুলোকে স্টিকার দিয়ে চিহ্নিত করে প্রবেশের সুযোগ রেখে বাইরের গাড়ি চলাচলের ওপর নিয়ন্ত্রণ আনা হবে। দুটি সড়কের ক্ষেত্রেই বিকল্প সড়ক ব্যবহার করে ব্যক্তিগত গাড়ি চলাচল সম্ভব। এলাকার বাইরের গাড়িগুলোকে বিশেষ প্রয়োজন ছাড়া গাড়িমুক্ত সড়কে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। সড়ক দুটি ব্যক্তিগত গাড়িমুক্ত হলে এ সড়কগুলোতে এলাকার শিশুদের খেলাধুলা, সামাজিক যোগাযোগের সুযোগ হবে। পাশাপাশি বায়ুদূষণ ও শব্দদূষণ কমে আসবে।
ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় ডব্লিউবিবির প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান প্রমুখ বক্তব্য দেন।