ব্যক্তিগত গাড়িতে সিএনজি নিষিদ্ধের পক্ষে মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপরিবহন ছাড়া ব্যক্তিপর্যায়ে বিলাসবহুল যানবাহনে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সদস্যরা এ মত দেন।আসন্ন বাজেট সামনে রেখে গতকাল দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করে সংসদীয় কমিটি। বৈঠক শেষে কমিটির সদস্য আ হ ম মুস্তফা কামাল সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, কমিটি বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রে ধনী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য আলাদা দর নির্ধারণের পক্ষে মত দিয়েছে। এ বিষয়ে কমিটি আগামী ১০ মে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা এবং অন্যান্য অংশীদারের সঙ্গে পরামর্শ করে তাদের সুপারিশ চূড়ান্ত করবে।মুস্তফা কামাল বলেন, যাঁরা বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন, রাষ্ট্রের আর্থিক সাশ্রয়ের জন্যই তাঁদের গাড়িতে সিএনজি ব্যবহার বন্ধ করতে হবে। শুধু বাস বা অটোরিকশার (গণপরিবহন) ক্ষেত্রে সিএনজি ব্যবহারের সুযোগ থাকা উচিত।বিদ্যুৎখাতের ভর্তুকি কমাতে গ্রামে প্রান্তিক এবং ধনী কৃষকদের জন্য বিদ্যুতের আলাদা দর নির্ধারণের পক্ষে মত দিয়েছে কমিটি। লোডশেডিংয়ের জন্য কমিটি বিদ্যুৎউন্নয়ন বোর্ডের (পিডিবি) সমালোচনা করে।মুস্তফা কামাল বলেন, পিডিবিও বিদ্যুতের সঠিক চাহিদা নিরূপণ করতে পারেনি। তারা একেক সময় একেকটা বলে। আগে বলত সাড়ে ছয় হাজার মেগাওয়াট, এখন বলে আট হাজার মেগাওয়াট। এটার সঠিক তথ্য জানা দরকার।বৈঠকে বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, সালেহউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরী অংশ নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, তাজুল ইসলাম, এম এ মান্নান ও ফরিদা রহমান উপস্থিত ছিলেন।