ব্যক্তিগত গাড়ির ওপর কর বৃদ্ধির পরামর্শ
ঢাকা শহরে যানজট হ্রাসের জন্য কার ও জিপের মতো ব্যক্তিগত যানবাহনের ওপর কর বাড়ানো জরুরি। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) আয়োজিত এক অবস্থান ধর্মঘটের কর্মসূচিতে বক্তারা এ পরামর্শ দিয়েছেন। ‘যানজট হ্রাসে ব্যক্তিগত গাড়ির ওপর অধিক হারে কর আরোপ করা হোক’ শিরোনামে আয়োজিত এ অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, সড়কের তুলনায় ব্যক্তিগত যানের পরিমাণ বেশি হওয়াই ঢাকার যানজটের মূল কারণ। তাঁরা জানান, প্রতিদিন ১০৩টি প্রাইভেট কার ঢাকার রাস্তায় নামে। এ পরিস্থিতিতে যানজট নিরসনে প্রথম দরকার ইচ্ছা অনুযায়ী ব্যক্তিগত যান নামানোর সুযোগ বন্ধ করা। এ ছাড়া নামমাত্র মূল্যে পার্কিংব্যবস্থা ও প্রতিটি বহুতল ভবনে আনুপাতিক হারে গাড়ি রাখার ব্যবস্থা না থাকার বিষয়গুলো রোধ করা না গেলে ঢাকার যানজট কমবে না বলেও তাঁরা মত দেন। তাঁরা বলেন, কিছু মানুষের বিলাসিতার জন্য সর্বসাধারণকে রাস্তায় চলাচলে নানাবিধ ভোগান্তির শিকার হতে হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এনডিএফের সভাপতি ইবনুল সাঈদ রানা, পুরান ঢাকার বাসিন্দাদের সংগঠন ও ডাব্লিউবিবি ট্রাস্ট প্রকল্পের প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি।