ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় ট্রাইব্যুনাল গঠনের দাবি
ব্যক্তিগত তথ্য গোপন রাখার আইন করা প্রয়োজন। ব্যক্তিগত তথ্য বিষয়ে মানুষের অধিকার নিশ্চিত করতে প্রতি বিভাগে বিশেষ ট্রাইব্যুনালও গঠন করা দরকার। গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ব্যক্তিগত তথ্য গোপনীয়তার অধিকার ও তথ্য সুরক্ষা’বিষয়ক জাতীয় সম্মেলনে এ দাবি জানানো হয়। বেসরকারি সংস্থা ভয়েস, প্রাইভেসি ইন্টারন্যাশনাল, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র), তথ্য অধিকার আন্দোলন, ইক্যুইটিবিডি, মিডিয়া ওয়াচ ও সামহয়ারইনবগ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম, বাংলাদেশ আইসিটি সাংবাদিক ফোরাম যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী বলেন, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সবাই চায়। আইন করার আগে ব্যক্তিগত তথ্যের সংজ্ঞা নির্ধারণ করা দরকার। কোন তথ্যকে ব্যক্তিগত তথ্য বলা হবে, তা আগে ঠিক করতে হবে। তিনি বলেন, কেবল আইন করলে চলবে না, আইনের প্রয়োগ জরুরি। ব্যক্তিগত তথ্য অধিকার সুরক্ষায় সারা দেশে ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন প্রণয়নের ওপর জোর দেন। তিনি বলেন, যদি কেউ তার ব্যক্তিগত মুঠোফোন থেকে অন্য কাউকে হুমকি দেয়, তাহলে তা জানার অধিকার সবার থাকতে হবে।রাজনীতিক মাহমুদুর রহমান মান্না বলেন, সম্প্রতি ভারতের একটি পত্রিকায় বলা হয়েছে, গত বছর দুজন ভারতীয় ও একজন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ডিসেম্বরে একটি অভ্যুত্থান হতে পারে—এমন বলেছিলেন। তিনি প্রশ্ন করেন, এই গোপন তথ্য কীভাবে ভারতীয় কর্মকর্তারা জানলেন। বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল বলেন, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার অধিকার ও তথ্য সুরক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। আইন প্রণয়ন করলেই অধিকার বাস্তবায়ন নিশ্চিত হয় না। এ ব্যাপারে তিনি সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দেন। সম্মেলনের আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ব্যক্তিগত তথ্য্রগোপন রাখা মানুষের মৌলিক অধিকার। সংবিধানে এই অধিকার স্বীকৃত। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা, নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক সনদ, জাতিসংঘের কনভেনশন অন মাইগ্র্যান্ট ওয়ার্কারস এবং শিশু অধিকার সনদে ব্যক্তি অধিকারের কথা বলা আছে। বাংলাদেশ তথ্য অধিকার আইনেও বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তবে এ বিষয়ে আলাদা আইন না থাকায় রাষ্ট্রীয় পর্যায়ে কিংবা বিভিন্ন স্তরে অধিকার হরণ করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা প্রয়োজনের বাইরে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। এক সংস্থা তথ্য সংগ্রহ করে অন্য সংস্থা কিংবা রাষ্ট্রকে তা সরবরাহ করছে, যা বাঞ্ছনীয় নয়। এ বিষয়ে জাতীয় নীতিমালা ও আলাদা আইন প্রণয়ন জরুরি। কনভেনশন সঞ্চালনা করেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। এতে বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোরশেদ, সাংবাদিক সেলিম সামাদ প্রমুখ বক্তব্য দেন।