ব্যবসায়ী জামাল হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড
রাজধানীর রাসায়নিক ব্যবসায়ী জামাল হোসেনকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মা জুলেখা বেগমকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বাবা ফটিক মাতুব্বরকে মামলার দায় থেকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন তাছের মাতুব্বর ও তাঁর ভাই আলমগীর ওরফে বাছের। এঁরা নিহত ব্যবসায়ীর প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। আসামিদের অনুপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে বলা হয়, আসামি তাছের ব্যবসায়ী জামালকে অপহরণ করে ফরিদপুরে নিয়ে যান। আসামি তাছের, আলমগীর একই উদ্দেশ্যে জামালকে হত্যা করেন এবং লাশ গুম করেন। হত্যার অভিযোগে সহোদর দুই ভাইকে মৃত্যুদণ্ড এবং লাশ গুম করতে সহায়তা করায় তাঁদের মা জুলেখা বেগমকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। রাষ্ট্রপক্ষ আসামি ফটিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁকে খালাস দেন আদালত। মামলার বিবরণে বলা হয়, তাছের ও বাছের ২০০৮ সালের ২৩ মে কৌশলে ব্যবসায়ী জামালকে ফরিদপুরে নিয়ে হত্যা করেন এবং সেখানেই লাশ গুম করেন।