ব্যবসায়ীকে গুলি, পালানোর সময় যুবক আটক
আবদুস সাত্তার (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে পালানোর সময় আবদুল হাকিম (২২) নামের এক যুবক হাতেনাতে ধরা পড়েছেন। গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর দারুস সালাম থানার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে তিন দুর্বৃত্ত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশে আবদুস সাত্তারের ফোন-ফ্যাক্সের দোকানে ঢোকে। তারা দোকানের কাচের দরজা লাগিয়ে দিয়ে তাদের মোবাইল ফোনে ৫০০ টাকা ফ্লেক্সি করে দিতে বলে। সাত্তার ৫০০ টাকা ফ্লেক্সিলোড করে টাকা চাইলে তারা তা দিতে অস্বীকার করে উল্টো তাঁর কাছে চাঁদা দাবি করে। তিনি এর প্রতিবাদ করলে তারা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মাথা, গাল ও হাতে গুলি লেগে সাত্তার লুটিয়ে পড়েন। টহল পুলিশ পিছু ধাওয়া করে সন্ত্রাসী হাকিমকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া হাকিমের দাবি, টাকা না পেয়ে তাঁরা সাত্তারকে গুলি করেন। ওসি আবদুল মালেক জানান, আব্দুল হাকিমের দুই সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।