রাজধানীর মিরপুর ১ নম্বরে গতকাল মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছে। র্যাব-৪-এর একটি দল মিরপুর ১ নম্বরে মাজার কো-অপারেটিভ মার্কেটে পাইরেটেড সিডি উদ্ধারের পর ব্যবসায়ীরা রাস্তায় বিক্ষোভ করেন। পুলিশ রাস্তা থেকে ব্যবসায়ীদের সরাতে চেষ্টা করলে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ ও র্যাব সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে র্যাব-৪ এর একটি দল মাজার কো-অপারেটিভ মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন দোকানে অভিযান চালায়। তারা এসব দোকান থেকে ৭০০ পাইরেটেড সিডি, ভিসিডি ও দুটি কম্পিউটারের সিপিউ জব্দ করে। এর সঙ্গে জড়িত তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৪ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ব্যবসায়ীরা অভিযোগ করেন, র্যাবের হয়রানি ও আটক ব্যবসায়ীদের মুক্তির দাবিতে বেলা দুইটার দিকে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ঘণ্টাখানেক এ অবস্থা চলার পর পুলিশ তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। র্যাব-৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক নুরুল আমিন প্রথম আলোকে বলেন, কো-অপারেটিভ মার্কেটের একশ্রেণীর ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গান, নাটক ও অশ্লীল ছবি সিডিতে এবং মুঠোফোনের মেমোরি কার্ডে কপি করে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। এর সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।