ব্যবসায়ীসহ রাজধানীতে তিন খুন
রাজধানীতে পৃথক তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ছিনতাইকারীর গুলিতে নিহত হয়েছেন মুঠোফোন প্রতিষ্ঠানের পরিবেশক আলী হোসেন হাওলাদার (২৮)। লালবাগে ছুরিকাঘাতে খুন হয়েছেন ভাঙ্গারি ব্যবসায়ী মো. দুলাল। এ ছাড়া পুলিশ দারুস সালাম থানার মাজার রোডে দুটি ব্যাগ থেকে উদ্ধার করেছে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে পুরান ঢাকার যুগীনগর এলাকায় চার ছিনতাইকারী একটি মুঠোফোন প্রতিষ্ঠানের পরিবেশক আলী হোসেন ও জাকিউল ইসলামের (৩০) গতি রোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা দুজনকে গুলি করে তাদের কাছ থেকে ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আলী ও জাকিউলের বুকে গুলি লাগে। তাঁদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে জামিল (২২) নামে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়। পুলিশ জনরোষ থেকে জামিলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আলী ও জাকিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আলী পরে মারা যান।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হানিফ বলেন, আলী হোসেন ও জাকিউল পুরান ঢাকার ঠাটারীবাজার থেকে পাওনা টাকা ও সিম নিয়ে তঁদের ব্যবসাপ্রতিষ্ঠান ওয়ারীর বিসিসি রোডে ফিরছিলেন। এ সময় তাঁরা ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারী জামিলের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগসহ প্রায় আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আলী হোসেনের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়।গতকাল সকাল সোয়া নয়টার দিকে দারুস সালাম থানার মাজার রোডে গ্রিড উপকেন্দ্রের বিপরীত পাশের ফুটপাতে লাল ও নীল রঙের দুটি বড় ব্যাগ পাওয়া যায়। পুলিশ ব্যাগ দুটি খুলে দেখতে পায়, নীল রঙের ব্যাগটিতে এক যুবকের পেট থেকে কাটা শরীরের ওপরের অংশ রয়েছে। এটি কাঁথা দিয়ে মোড়ানো ছিল এবং হাত ছিল কালো-সাদা রঙের প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা। অপর লাল রঙের ব্যাগটি খুললে বেরিয়ে আসে খণ্ডিত লাশের নিচের অংশ। এই অংশটি পলিথিনে মোড়ানো এবং পা দুটি বাঁধা ছিল। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন দ্বিখণ্ডিত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।সুরতহাল প্রতিবেদনে বলা হয়, যুবকের গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে। যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। ধারণা করা হচ্ছে, শ্বাস রোধ করে যুবককে হত্যা করা হয়। পরে লাশ ধারালো অস্ত্রের আঘাতে দ্বিখণ্ডিত করে তা দুটি ব্যাগে ভরে সুযোগ বুঝে খুনিরা ফেলে যায়। পুলিশ লাশের দুটি অংশই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক হোসেন বলেন, সকাল সোয়া আটটার দিকে স্থানীয় জনগণ ঘটনাস্থলে দুটি বড় ব্যাগ পড়ে থাকতে দেখে। এরপর সন্দেহ হলে তারা থানায় ফোন করে। পরে পুলিশ ব্যাগসহ দ্বিখণ্ডিত লাশ উদ্বার করে। এ ব্যাপারে উপপরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। এদিকে গত বুধবার রাতে ভাঙ্গারি ব্যবসায়ী দুলাল হোসেন (২৬) লালবাগের পোস্তায় আয়োজিত কনসার্ট অনুষ্ঠানে যান। একপর্যায়ে তিনি রাস্তার পাশে ধূমপান করছিলেন। এ নিয়ে স্থানীয় দুই সন্ত্রাসীর সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। সন্ত্রাসীরা তাঁর তলপেটে ছুরি মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকাল সোয়া নয়টায় তিনি মারা যান।দুলালের বন্ধু নাজির হোসেন অভিযোগ করেন, চিহ্নিত সন্ত্রাসী লিটন ও রমজান ছুরিকাঘাতে দুলালকে হত্যা করেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হলেও হাসপাতালে যথাযথ চিকিত্সা পাননি দুলাল।দুলাল ইসলামবাগে ইটের ঘাট এলাকায় থাকতেন। তাঁর বাবার নাম আবদুল খালেক চৌকিদার।চাঁদার জন্য গুলি: গতকাল রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীরা একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবদুল বারেককে (৩০) গুলি করে আহত করেছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।