পুরান ঢাকার নিম-তলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অজ্ঞাত ছয়জনের লাশ দাফনের ব্যাপারে সরকারের কোনো সংস্থা উদ্যোগ নিচ্ছে না। লাশগুলোর ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের লাশের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ ও পরবর্তী নির্দেশনার জন্য অধ্যক্ষের কাছে চিঠি দেন। ওই চিঠির পরিপেক্ষিতে অধ্যক্ষ ঢাকা জেলা প্রশাসকের কাছে গতকাল একটি চিঠি দিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়, ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে পাঠানো পত্র মোতাবেক গত ৩ জুন রাতে নিমতলীতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে অজ্ঞাতপরিচয় পাঁচটি লাশ হিমঘরে রয়েছে এবং একটি লাশ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ভবিষ্যতে শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ ও পরবর্তী নির্দেশনা গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হেনা মোরশেদ জামান প্রথম আলোকে বলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দেওয়া চিঠি তাঁদের হাতে এখনো পৌঁছায়নি। চিঠি পাওয়া গেলে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে লাশগুলো দাফনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানবিক দিক বিবেচনা করে লাশগুলো এতদিন হিমঘরে রাখা হয়েছে। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, অজ্ঞাত লাশগুলোর ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়া গেলে আদালতে সিদ্ধান্তের জন্য দরখাস্ত করা হবে। গত ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৫টি মৃতদেহ আসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে এবং ঢাকা মেডিকেল কলেজ মর্গে যায় ২৭টি লাশ। শনাক্ত শেষে স্বজনেরা লাশগুলো নিয়ে যান।