ব্যস্ত রায়েরবাজারের প্রতিমাশিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে সাদা মেঘের ভেলা আর চরে-মাঠে কাশফুল। আবহ দুর্গাপূজার। পূজা শুরু হতে বাকি মাত্র ৩০ দিন। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আর মহিষাসুর—সঙ্গে দেবীর বাহন সিংহকে গড়তে হবে এই সময়ের মধ্যেই। ব্যস্ত তাই প্রতিমাশিল্পীরা।মন্দিরের ঐতিহ্য ও সাজসজ্জা মাথায় রেখে প্রতিমার সাজসজ্জায়ও সেই ঐতিহ্য ফুটিয়ে তুলতে হয় শিল্পীদের। তাই শিষ্য কারিগরদের নিয়ে গুণী শিল্পীদের হাত ও মুখ চলছে প্রায় সমানতালে। অনেকেরই নাওয়া-খাওয়া নেই। নির্দিষ্ট সময়ে মধ্যে প্রতিমা গড়াই শুধু নয়, কত সুন্দর হলো, তা নিয়েও আছে প্রতিযোগিতা।রাজধানীর রায়েরবাজারের সুনাম আছে প্রতিমা তৈরির। এখানে প্রতিমাশিল্পীর সংখ্যাও বেশি। অনেকে সংসার চালান সারা বছর নানা প্রতিমা তৈরি করে। এলাকা ঘুরে দেখা গেছে, শিল্পীরা সবাই ব্যস্ত। মাটি জোগাড়, সেই মাটির দিয়ে মণ্ড তৈরি, কাঠি-খড় দিয়ে কাঠামো নির্মাণ, সেই কাঠামোতে মণ্ড লাগানো—এ রকম নানা কাজে শিল্পীরা আর তাঁদের পরিবারের সদস্যরা ব্যস্ত। তবে প্রতিটি ক্ষেত্রেই নিয়ম-রীতির ব্যাপার আছে। প্রতিমাশিল্পীরা মূলত পাল। রায়েরবাজার শ্রীশ্রীমহাপ্রভু আখড়া মন্দিরের প্রতিমা গড়ছেন ভক্ত পাল। তাঁর বাড়ি গাজীপুর। ভক্ত পালকে সাহায্য করছেন তাঁরই চার শিষ্য শিল্পী। ভক্ত পাল প্রথম আলোকে বলেন, প্রতিবছর এই সময়ে তিনি বিভিন্ন গ্রামে নানা মন্দিরের প্রতিমা তৈরি করে দিতেন। তিন বছর আগে তিনি গাজীপুর ছেড়ে ঢাকায় এসেছেন। এখানেও বেছে নিয়েছেন মূর্তি গড়ার পারিবারিক পেশা। এ বছর তিনি তিনটি দুর্গা প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। জানিয়েছেন, ২০ থেকে ২৫ হাজার টাকা পাবেন একেকটি প্রতিমা তৈরি করে। স্থানীয় কালী মন্দিরের প্রতিমা গড়ছেন তাপস পাল। তিনি প্রতিমার সৌন্দর্যের দিকেও লক্ষ রেখেছেন। তাপস পাল জানালেন, শেষ চার বছর ধরে তাঁর গড়া প্রতিমা সৌন্দর্য-সাজসজ্জায় এলাকায় সবার প্রশংসা পায়। সেই ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট তিনি। শিল্পী তাপসের আধা ডজন শিষ্য। ধুনচিসহ পূজার অন্যান্য উপচার ও মাটির নানা ধরনের পাত্র তৈরি করছেন পালেরা। শিশুদের জন্য পুতুল তৈরিতেও ব্যস্ত অনেকে। পুজোর মেলায় উঠবে এসব পুতুল। গৃহস্থালি পণ্য, ঠাকুর বসানোর আসনও তৈরি করছেন কেউ কেউ। টাঙ্গাইলের শিল্পী তাপস পাল প্রতিমা ও পুতুল দু-ই তৈরি করেন। ১০ বছর আগে ঢাকায় এসেছেন। মেয়ে পদ্মাকে সঙ্গে নিয়ে বিভিন্ন রঙের আর ঢঙের পুতুল তৈরি করছেন নিয়মিত।তবে নতুন প্রজন্ম প্রতিমা তৈরিকে পেশা হিসেবে নিতে চায় না। ভক্ত পালের ছেলে নিখিল জানায়, সে মূর্তি গড়তে চায় না, প্রতিমাশিল্পীও হতে চায় না। তার ঝোঁক ব্যবসার দিকেই বেশি।