ব্যস্ত সড়কের ওপর নির্মাণসামগ্রী

রাজধানীর রমনা পার্ক মোড় থেকে শাহবাগ এবং আশপাশের ব্যস্ত সড়কের ধারে পাইপলাইন হবে। এ জন্য সড়ক লাগোয়া ফুটপাতের ব্লক ও স্ল্যাবগুলো খুলে ফেলা হয়েছে। প্রধান সড়কের ওপরই সেগুলো রাখা হয়েছে এলোপাতাড়িভাবে। এতে করে যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে।
গতকাল রোববার দুপুরে এই এলাকায় ছিল যানজট। রমনা চায়নিজ রেস্তোরাঁয় সাইনবোর্ড গেটের সামনের রাস্তায় ফেলে রাখা ব্লকগুলো আরও খারাপ করে তুলছিল যানজট পরিস্থিতি। কোথাও কোথাও স্তূপ করে রাখা হয়েছে বালু, মাটি আর ভাঙা স্ল্যাব।
যানবাহন এড়িয়ে বালুর ওপর দিয়ে চলতে গিয়ে হঠাৎ ভাঙা ব্লকে চাকা পিছলে পড়ে গেলেন এক মোটরসাইকেলচালক। পেছনের আরোহীর হ্যালমেট ছিল না, মাথায় আঘাত পেলেন। গাবতলী-সায়েদাবাদ রুটের বাস থেকে নেমে গেল তিনজন ছাত্র। একজন হাঁটতে হাঁটতে রাস্তার ভাঙা স্ল্যাবকে মারল লাথি।
ফুটপাত ধরে হাঁটছিলেন অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই। সায়েন্স ল্যাবরেটরি থেকে মতিঝিল যাবেন। যানজটের কারণে নেমে গিয়ে শাহবাগ থেকে হেঁটে আসছেন। বললেন, ফুটপাতের এসব ব্লক লাগাতে দেখেছেন মাস ছয়েক আগে। সেগুলোকে বাঁচিয়েও কাজ করা সম্ভব। অথচ তা করা হচ্ছে না, নতুন লাগানো হবে। অথচ ঢাকার অনেক স্থানে ভাঙা রাস্তা মেরামত করা হচ্ছে না।
রমনা পার্কের একজন প্রহরী বর্ণনা দিলেন, ভিভিআইপিদের গাড়িবহর যাওয়ার সময় এলাকায় কেমন দশা হয়। কয়েক দিন আগে এক বিকেলে কাকরাইল, রমনা, শাহবাগ এলাকায় প্রচণ্ড যানজট। স্থবির হয়ে আছে সব যানবাহন। একজন প্রভাবশালী মন্ত্রীর গাড়িবহর যাবে। সেই বহর গেল প্রায় ১৫ মিনিট পর। যানজট খুলতে সময় লাগল প্রায় দেড় ঘণ্টা। যানজটকে অসহনীয় করে তুলছিল রাস্তায় ফেলে রাখা বালু, মাটি, ব্লক আর ভাঙা স্ল্যাবগুলো। জানা গেল সেদিন ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর হয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশ কেটে কাকরাইল হয়ে বহর যাচ্ছিল সচিবালয়ে। সব যানবাহন আরোহী ছিলেন বিরক্ত।
পাইপলাইন নির্মাণ করতে গিয়ে গুরুত্বপূর্ণ সড়কে অগোছালোভাবে ব্লক ও স্ল্যাব রাখা হয়েছে কেন—এমন প্রশ্নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওই অঞ্চলের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, যানবাহন চলাচলের মধ্যেই কাজটি করতে হচ্ছে। কারণ, সেখানে বিকল্প কোনো সড়ক নেই। তারপরও ভাঙা অংশগুলো যাতে গুছিয়ে রাখা হয়, সেদিকে নজর দেওয়া হবে।