ব্যস্ত সড়ক থেকে রিকশা উঠিয়ে দেওয়া হবে
রাজধানী ঢাকার ব্যস্ত সড়কগুলো থেকে পর্যায়ক্রমে রিকশা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যানজট কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজধানীর সাংসদদের সঙ্গে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।সাহারা খাতুন বলেন, রাজধানীর কোনো এলাকায় বা সড়কে রিকশা চলাচল বন্ধ করা হলে তা স্থানীয় সাংসদ ও জনপ্রতিনিধিদের জানিয়ে প্রচার করার ব্যবস্থা করা হবে। তবে রিকশা উঠিয়ে দেওয়ার কার্যক্রম কেন্দ্র করে রিকশাচালকদের ভাঙচুরের ঘটনা কোনোভাবেই সমর্থন দেওয়া যাবে না।রিকশাচালকদের গত সোমবার ব্যাপক গাড়ি ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা যাতে আর না ঘটে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।’এ প্রসঙ্গে সাংসদ রাশেদ খান মেনন বলেন, রাজধানীতে হকার উচ্ছেদ কিংবা রিকশা তুলে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নিতে হলে জনপ্রতিনিধিদের আগে জানাতে হবে। হঠাৎ করে এ ধরনের কোনো নির্দেশ দেওয়া হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তিনি দুঃখপ্রকাশ করে বলেন, ‘রিকশাচালকেরা মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতির মাথা ফাটিয়ে দিয়েছে, অথচ আমরা কিছুই করতে পারিনি।’সভায় অংশ নেওয়া সাংসদ সাবের হোসেন চৌধুরী ও আসলামুল হক বলেন, বৈঠকে মাদকদ্রব্যের বিষয়ে আলোচনা হয়েছে। হঠাৎ করে মাদকদ্রব্যের ব্যবহার কেন বেড়ে গেছে, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গত মঙ্গলবার সন্ত্রাসবাদবিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে যে মন্তব্য করেছেন, সে প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মরিয়ার্টির বক্তব্য ঠিক নয়।মরিয়ার্টির মন্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই এখন সন্ত্রাসের ঝুঁকিতে রয়েছে।প্রসঙ্গত, গত মঙ্গলবার মরিয়ার্টি ওই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ সন্ত্রাসের ঝুঁকিতে রয়েছে। তবে সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ ভালো পদক্ষেপ নিয়েছে।সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ সানজীদা খানম, হাবিবুর রহমান মোল্লা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।