ব্যস্ত সড়কে পুলিশের গুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠে তুরাগ থানাধীন ধউর এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় ব্যস্ত সড়কে এক পুলিশ সদস্য এলোপাতাড়ি গুলি চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ জানিয়েছে, রাস্তায় একসঙ্গে কয়েকটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলতে দেখে এক পুলিশ সদস্য ভয় পেয়ে ফাঁকা গুলি ছুড়েছেন। পরে জানা যায়, ওই মোটরসাইকেল আরোহীরা লাশ বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে যাচ্ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গুলিবর্ষণকারী পুলিশ কনস্টেবলের নাম সাইফুল ইসলাম। তিনি গাজীপুর জেলার পুলিশ সুপারের (এসপি) দেহরক্ষী হিসেবে কর্মরত।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন কনস্টেবল সাইফুল ইসলাম। পথে একদল মোটরসাইকেল আরোহী একবার সাইফুলের গাড়িটিকে অতিক্রম করছিলেন, আবার পিছিয়ে যাচ্ছিলেন। এভাবে কয়েকবার করা হলে সাইফুল আতঙ্কগ্রস্ত হয়ে ফাঁকা গুলি ছোড়েন। গুলি ছোড়ার পর মোটরসাইকেল আরোহীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তিও হয়।  স্থানীয় লোকজন দুই পক্ষকে ধরে তুরাগ থানায় নিয়ে যান। তবে কেউ হতাহত না হওয়ায় এবং মোটরসাইকেল আরোহীরা কোনো অভিযোগ না করায় বিষয়টি মীমাংসা হয়ে যায়।