ব্যস্ত সড়কে সিএনজি স্টেশনের মালিককে গুলি করল যুবক
সোমবার বেলা সাড়ে ১১টা। রাজধানীর মগবাজারে বাটার গলির ভেতরে যানজটে আটকে আছে সব। স্কুলগামী ছেলেকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে বসে ছিলেন মোস্তাফিজুল হক। পথচারীর সংখ্যাও কম নয়। এর মধ্যেই দুই তরুণ গাড়ির জানালা ভেঙে মোস্তাফিজুলের ঊরুতে অস্ত্র ঠেকিয়ে গুলি করেই উধাও হয়ে গেল।গুলিবিদ্ধ মোস্তাফিজুল ওরফে লিমন (৩৫) মগবাজার রেলক্রসিং-সংলগ্ন যমুনা সিএনজি স্টেশনের মালিক। পরিবার বলছে, চাঁদা চেয়ে না পেয়ে তাঁকে গুলি করা হয়েছে।মোস্তাফিজুলকে মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পা থেকে গুলি বের করেছেন চিকিৎসকেরা। ভগ্নিপতি ওয়াহিদুর রহমান জানান, দুই মাস আগে সন্ত্রাসী মুকুলের সহযোগী পরিচয়ে একজন মোস্তাফিজুলের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। মোস্তাফিজুল এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এর পর থেকে কারও কোনো সাড়াশব্দ ছিল না। গত রোববার হঠাৎ ফোন করে বলা হয়, টাকা না দিলে ভীষণ ক্ষতি হয়ে যাবে। এর পরই গতকাল সকালে ওই ঘটনা ঘটে।মোস্তাফিজুলের গাড়ির চালক মামুন মিয়া বলেন, ‘হঠাৎ করেই সামনের আধখোলা জানালায় মুখ রেখে দুই যুবক বলে, কী মিয়া, ফোন করলে ধরেন না। বলতে বলতেই একজন কাচ ভেঙে গুলি করে।’রমনা থানার পুলিশ জানায়, এ বিষয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।