ব্যস্ততা শেষ মুহূর্তের বৈশাখী কেনাকাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে শেষ মুহূর্তের ​বৈশাখী কেনাকাটা। ছবিটি আজ বুধবার সকালে আজিজ সুপার মার্কেট থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
চলছে শেষ মুহূর্তের ​বৈশাখী কেনাকাটা। ছবিটি আজ বুধবার সকালে আজিজ সুপার মার্কেট থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপর শেষ হবে প্রতীক্ষার পালা। বাঙালি স্বাগত জানাবে বাংলা নতুন বছর ১৪২৩-কে। দুয়ারে কড়া নাড়া বৈশাখী উদ্‌যাপনে শামিল হতে মানুষ এখন ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। প্রখর রোদ আর হাঁসফাঁস করা গরম উপেক্ষা করে আজ বুধবার দিনের শুরু থেকেই চলছে বৈশাখী কেনাকাটা। রাজধানীর বিভিন্ন শপিং সেন্টারের কাপড়ের দোকানগুলোতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতা উভয়েই।

কেউ কিনছে গেঞ্জি, কেউবা পাঞ্জাবি। ছবিটি আজিজ সুপার মার্কেট থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
কেউ কিনছে গেঞ্জি, কেউবা পাঞ্জাবি। ছবিটি আজিজ সুপার মার্কেট থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

আজ সকালে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও আজিজ সুপার মার্কেটে গিয়ে দেখা গেছে, বৈশাখী কেনা-বেচায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। দোকানের ভেতর ও বাইরে সাজিয়ে রাখা হয়েছে শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, থ্রিপিস, টু-পিস, টি-শার্ট, ধুতি এবং বাহারি ডিজাইনের মাটি, তামা, সিসার বৈশাখী অলংকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার সামনে থেকে টিএসসি পর্যন্ত ফুটপাতে নিজেদের চুড়ির দোকান নিয়ে বসে গেছেন দোকানিরা।

ক্রেতাদের আকৃষ্ট করতে পাল্টানো হচ্ছে পুতুলের পোশাক। ছবিটি আজিজ সুপার মার্কেট থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
ক্রেতাদের আকৃষ্ট করতে পাল্টানো হচ্ছে পুতুলের পোশাক। ছবিটি আজিজ সুপার মার্কেট থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

শেষ দিনে সপরিবারে কেনাকাটা করছেন অনেকেই। স্ত্রী-পুত্র নিয়ে আজিজ সুপার মার্কেটে কেনাকাটা করতে আসা মো. রফিকুজ্জামান প্রথম আলোকে বললেন, ‘ঈদের মতো পয়লা বৈশাখেও এখন প্রতিবছরই নতুন কাপড় কিনি। নিজের ও ছেলের জন্য পাঞ্জাবি আর স্ত্রীর জন্য শাড়ি কিনেছি। মায়ের জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি কিনেছি।’

এবার বৈশাখে কেমন বেচাকেনা হচ্ছে?—প্রশ্নের জবাবে রঙ বাংলাদেশের বসুন্ধরা শাখার আউটলেট ম্যানেজার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘বিক্রি খুব ভালো। এবার আমরা যামিনী রায়ের চিত্রকর্মগুলোকে আমাদের পণ্যে ফুটিয়ে তুলেছি।’ কী পণ্য বেশি বিক্রি হচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, শাড়ি ও পাঞ্জাবি।

অনেকে বন্ধু-বান্ধবদের সঙ্গে কেনাকাটা করছেন। বৈশাখ উপলক্ষে সবাই একই ধরনের কাপড় কিনছেন। ফারাহ, মিতু, সামিয়া, টিনা—চার বান্ধবী মিলে ধানমন্ডি থেকে এসেছেন বসুন্ধরা সিটিতে শপিং করতে। কিনেছেন একই রঙের শাড়ি। বৈশাখের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে ফারাহ বলেন, ‘আমরা মঙ্গল শোভাযাত্রায় এই শাড়ি পরে অংশ নেব।’

পোশাক পছন্দ করছেন এক ক্রেতা। ছবিটি আজিজ সুপার মার্কেট থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
পোশাক পছন্দ করছেন এক ক্রেতা। ছবিটি আজিজ সুপার মার্কেট থেকে তোলা। ছবি: জাহিদুল করিম


এ বছর সরকারি চাকরিজীবীদের বৈশাখী বোনাস কেনাকাটায় প্রভাব ফেলেছে বলে মন্তব্য করলেন দেশালের বসুন্ধরা শাখার ম্যানেজার রেহানা আখতার। তিনি বলেন, ‘বিক্রি খুব ভালো। আমরা শুরু থেকেই আশাবাদী ছিলাম যে সরকার বৈশাখী বোনাস দেওয়ায় এবার বিক্রি বাড়বে।’ দেশালেও শাড়ি ও বাচ্চাদের ফতুয়া বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন তিনি।

বৈশাখী পণ্যের দাম কেমন?—জানতে চাইলে নিজের স্ত্রীকে নিয়ে বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে আসা পুরান ঢাকার মো. জাহানুর রহমান বলেন, দাম খুব বেশি না। তবে মেয়েদের কাপড়ের দাম তুলনামূলক বেশি। তবে তিনি সাধ্যের মধ্যে পছন্দের জিনিস কিনতে পেরে খুশি বলে জানালেন।

কেনাকাটার এই শেষ সময়ে জামা কিংবা শাড়ির সঙ্গে মিলিয়ে অলংকার কিনছেন অনেক মেয়ে। মেয়েকে সঙ্গে নিয়ে অলংকার কিনতে আসা মা সাদিয়া জাহান বললেন, ‘কাপড় কেনা শেষ দুদিন আগেই। আজ এসেছি কাপড়ের সঙ্গে ম্যাচ করে অলংকার কিনতে।’ জানালেন, মেয়ের জন্য একটা পুঁতির মালা কিনেছেন; আর নিজের জন্য এখনো খুঁজছেন।

তবে প্রশাসনের নিষেধাজ্ঞা বৈশাখের আনন্দকে পূর্ণাঙ্গ হতে দিচ্ছে না বলে মত দিলেন আজিজ সুপার মার্কেটে কেনাকাটা করতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুজ্জামান ও সিরাজুল ইসলাম। পয়লা বৈশাখে নিজেদের পরিকল্পনা প্রসঙ্গে বললেন, সকালে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবেন। পরে আবার বিকেলে ঘুরতে বের হবেন।

চারুকলার ফুটপাত ধরে হাঁটতে গিয়ে থেমে যাচ্ছেন অনেকেই। পথের ধারে বসা চুড়ির দোকানগুলোতে চোখ বুলিয়ে নিচ্ছেন একনজর। পছন্দ হলে কিনেও নিচ্ছেন অনেকে। এর জন্য খুব বেশি মূল্যও দিতে হচ্ছে না। এক ডজন চুড়ি মিলছে ৩০-৬০ টাকায়।

দোকানে দোকানে ঘুরে ঘুরে পোশাক কিনছেন অনেক ক্রেতা। ছবিটি আজিজ সুপার মার্কেট থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
দোকানে দোকানে ঘুরে ঘুরে পোশাক কিনছেন অনেক ক্রেতা। ছবিটি আজিজ সুপার মার্কেট থেকে তোলা। ছবি: জাহিদুল করিম