ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সাবেক ব্যাংক কর্মকর্তা মাহফুজুল হক হত্যা মামলার প্রধান আসামি ছামিন আহাম্মেদ ওরফে হিরনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে কদমতলী থানার রায়েরবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সবুজবাগ থানা সূত্র জানায়, গত বছর ঈদুল আজহার রাতে (১৭ নভেম্বর) বাসাবোর নিজ বাসার সামনে মাদক সেবনে বাধা দেওয়ায় সন্ত্রাসী ছামিন (২৪) ও তাঁর সহযোগীরা শিল্প ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক মাহফুজুল হক খানকে (৭৩) পিটিয়ে হত্যা করে। গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সবুবজাবাগ থানার পুলিশ রায়েরবাগ খানকা শরিফ রোডে অভিযান চালিয়ে ছামিন ও তাঁর তিন সহযোগীকে একটি বিদেশি রিভলবার, চারটি গুলি ও দুটি ছোড়াসহ গ্রেপ্তার করে। সুবজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ব্যাংকের সাবেক কর্মকর্তা মাহফুজুল হক খুন হওয়ার পর সন্ত্রাসী ছামিনসহ তাঁর ১৩ সহযোগীকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়। ইতিপূর্বে ছামিনের ১২ সহযোগী গ্রেপ্তার হলেও ছামিন পলাতক ছিল। গতকাল তাঁকে আদালতে পাঠিয়ে রিমান্ডে আনা হয়েছে। তিনি জানান, সন্ত্রাসী ছামিন মাদক ব্যবসার পাশাপাশি তাঁর সহযোগীদের নিয়ে ডাকাতি করে।