ব্যাংকে ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ৪: ডিবি
রাজধানীর মোহাম্মদপুরের বছিলার স্বপ্নধরা এলাকা থেকে শনিবার ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইব্রাহীম চৌধুরী, লোকমান হাকিম, রিপন খান ও মাহবুব মিয়া ওরফে মাবুদ মিয়া। ডিবি বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ব্যাংক ও মন্দিরে ডাকাতির পরিকল্পনা করছিলেন। তাঁদের মধ্যে রিপন উত্তরা পশ্চিম থানার বাস ডাকাতি মামলার আসামি।
ডিবির তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শাহাদত হোসেন বলেন, কয়েকজন মিলে ডাকাতির পরিকল্পনা করছেন, এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের বছিলা রোডের স্বপ্নধরা এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি চাপাতি, দুটি ছুরি ও চারটি মোবাইল ফোন।
শাহাদত হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি ব্যাংক ও মুকসুদপুর মন্দিরে ডাকাতির পরিকল্পনার করছিলেন। গ্রেপ্তার করায় তাঁদের পরিকল্পনা ভেস্তে গেছে।