ব্যাগ থেকে পাওয়া গেল তরুণের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলী এলাকা থেকে পুলিশ গত বুধবার গভীর রাতে ব্যাগে ভরা অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, বুধবার রাত দেড়টার দিকে দিকে রজ্জব আলী মার্কেটের সামনের ফুটপাত থেকে ঘন নীল রঙের ব্যাগে ভরা ওই তরুণের লাশটি উদ্ধার করা হয়। ব্যাগটি তালাবদ্ধ ছিল। পরে তালা ভেঙে লেপ দিয়ে ঢাকা ১৭-১৮ বছর বয়সী এক তরুণের লাশ পাওয়া যায়। তাঁর পরনে ছিল সবুজ টি-শার্ট ও খয়েরি ফুলপ্যান্ট। হাতে পুরোনো কাটা চিহ্ন রয়েছে।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, এটি হত্যাকাণ্ড। বুধবার রাতে ফুটপাতে ব্যাগটি কয়েক ঘণ্টা পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ব্যাগে ভরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছে। ধারণা করা হচ্ছে, অন্যত্র খুন করে লাশটি ব্যাগে ভরে এখানে লাশ ফেলে গেছে খুনিরা। এদিকে গত বুধবার গভীর রাতে মোহাম্মদপুরে কৃষি মার্কেটের চালের আড়তের ছাদের ওপর থেকে অজ্ঞাত আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে বৈদ্যুতিক তার জড়ানো ছিল। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর পরনে কালো শার্ট ও কালো ফুলপ্যান্ট ছিল। মোহাম্মদপুর থানার এসআই আফজাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।