ব্যাঙের ছাতার মতো কারখানা, জারে ভরা অশোধিত পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ব্যাঙের ছাতার মতো সুপেয় পানি তৈরির কারখানা গড়ে উঠেছে। এর অধিকাংশ প্রতিষ্ঠানের পানিই মানসম্মত নয়। অনেক কারখানাই শোধন না করে ওয়াসার পানি সরাসরি জারে ভরে বিক্রি করছে। জনসাধারণ এসব জারের পানি নিরাপদ ভেবে পান করছে। আর, ওয়াসা এসব প্রতিষ্ঠানে পানি সরবরাহ করায় পানির সংকট দেখা দিচ্ছে। বিএসটিআইয়ের হিসাব মতে, রাজধানীতে অনুমোদিত সুপেয় পানি উৎপাদনের কারখানা আছে ২২০টি। একটি কারখানা দৈনিক কমপক্ষে চার হাজার লিটার পানি উৎপন্ন করে। কোনো কোনো কারখানা দিনে আট থেকে ১০ হাজার লিটারও উৎপন্ন করে থাকে। চার হাজার লিটার হিসাবে এসব কারখানায় দৈনিক আট লাখ ৮০ হাজার লিটার পানি উৎপন্ন হয়। প্রতি মাসে পানি উৎপন্ন হয় দুই কোটি ৬৪ লাখ লিটার। এ ছাড়া রয়েছে বেশ কিছু অননুমোদিত কারখানা। জানা গেছে, কয়েকটি কারখানা ওয়াসা থেকে গভীর নলকূপ স্থাপনের অনুমোদন নিয়েছে। অন্যরা পানি নিচ্ছে ওয়াসার সরবরাহ-ব্যবস্থা থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএসটিআইয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ওয়াসার নিজস্ব বোতল বা জারে মানসম্মত পানি উৎপাদনের প্রতিষ্ঠান রয়েছে। এ পানি দিয়ে অনেকাংশে চাহিদা পূরণ করা সম্ভব। তা সত্ত্বেও অন্য প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে গভীর নলকূপের মাধ্যমে পানি ওঠানোর অনুমোদন ও নিজস্ব সরবরাহ-ব্যবস্থা থেকে পানি দেওয়া হচ্ছে, যা রাজধানীতে পানিসংকটের অন্যতম কারণ।এ ব্যাপারে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান বলেন, বিএসটিআই থেকে অনুমোদন নেওয়ার পর অনেকেই ওয়াসার অনুমোদনের জন্য আসছে। যাদের নিজস্ব গভীর নলকূপ আছে, তাদের পানি ওঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ওয়াসার অনুমোদন ছাড়া কেউ বাণিজ্যিকভাবে পানি উৎপাদন ও বিপণন করতে পারবে না। কিন্তু দেখা গেছে, রজধানীতে ব্যাঙের ছাতার মতো পানির কারখানা গড়ে উঠেছে। বিএসটিআই সূত্রে জানা গেছে, গত অর্থবছরে রাজধানীতে তারা অনুমোদিনবিহীন ও মানসম্মত না হওয়ায় ৫৩টি পানির কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ ছাড়া গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৫৯টি কারখানাকে ৪১ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে ২৫ জনকে কারাদণ্ড, ১২টি কারখানা সিলগালা ও দুটি কারখানার যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে। গত বছরের ৬ অক্টোবর রাজধানীর মতিঝিলসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ২৭টি প্রতিষ্ঠানের প্রায় ৮০০ জার পানি আটক করেন। অনুমোদনপত্র, স্টিকার এবং পানির মানসংক্রান্ত দুটি করে পরীক্ষার পর মাত্র তিনটি প্রতিষ্ঠানের কাগজপত্র ও পানির গুণাগুণ সঠিক পাওয়া যায়। নাম-পরিচয়হীন অনেক প্রতিষ্ঠান অপরিশোধিত পানি জারে ভরে বিশুদ্ধ সুপেয় পানি বলে বাজারজাত করছে। গত বছরের ৮ এপ্রিল পুরান ঢাকার সিদ্দিকবাজারে ওয়াসার পানি সরাসরি জারে ভরে বাজারজাত করার সময় ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এ ছাড়া গত ৬ অক্টোবর চালানো অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন পাওয়া আটটিসহ অনুমোদনহীন আরও ১৬টি প্রতিষ্ঠানের পানির মান সঠিক পাওয়া যায়নি। ৩ জানুয়ারি দক্ষিণ বিশিলে দুটি কারখানার যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়।বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ প্রথম আলোকে বলেন, অনেকে ভাড়াকরা যন্ত্রপাতি দেখিয়ে বিএসটিআইয়ের অনুমোদন নিয়েছেন। আগে জনবল কম থাকায় সব কটি কারখানায় নজরদারি করা সম্ভব হয়নি। এখন দক্ষ লোকবল বাড়ানোয় সনদ দেওয়ার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।