ব্যাডমিন্টন দিয়েই আকাশ ছুঁতে চান মিনহাজ!
>

শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। কিন্তু দিনে দিনে খেলার মাঠ কমছে এই শহরে। শৈশব, কৈশোর আটকা পড়ছে চার দেয়ালে। এর মধ্যেই প্রাণের টানে বেরিয়ে আসছেন অনেকে। তবে পাদপ্রদীপের আলো সবার ভাগে্য জোটে না। আবার ক্রিকেট-ফুটবলের মতো বড় খেলার চাপে আড়ালে চলে যায় অন্য খেলা, খেলোয়াড়। তঁাদের জন্যই এই আয়োজন
মুগদা জান্নাতবাগের গলিতে পাড়ার ছেলেদের সঙ্গে রঙিন মার্বেল খেলাই ছিল মোহাম্মদ মিনহাজের নেশা। কিন্তু এলাকার ‘আঙ্কেল’ তারিক মাহমুদ তাঁকে সেই গলি থেকে পল্টনের উডেনফ্লোর জিমনেসিয়ামে তুলে আনেন। হাতে-কলমে শেখালেন ব্যাডমিন্টন খেলা।
সেই শুরু। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ব্যাডমিন্টন খেলেই সংসারের হাল ধরেছেন ১৮ বছরের যুবক মিনহাজ। কারণ, বাবা আবদুল কাদের বনানী-মতিঝিল রুটের বাস চালাতেন। হঠাৎ স্ট্রোকে মারা যান বাবা। সেটা ২০১০ সালের ঘটনা। বাবার মৃত্যুতে
সংসারের সব এলোমেলো হয়ে যায় মিনহাজের। টাকার অভাবে পড়ালেখাও বন্ধ হয়ে যায়। দশম শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।
তবে তত দিনে একটু একটু করে খেলাটা শিখে ফেলেছেন মিনহাজ। জাতীয় অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হওয়ায় টুকটাক নামডাকও ছড়িয়েছে। বিভিন্ন এলাকা থেকে ‘খ্যাপ’ খেলার প্রস্তাব পেতে শুরু করলেন। সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুষ্টিয়া, খুলনা, দোহার, নবাবগঞ্জে নিয়মিত খেলতে যান।
শীত এলেই পাড়া-মহল্লায় ধুম পড়ে যায় ব্যাডমিন্টন খেলার। তাই তো সারা বছর চেয়ে থাকেন শীত মৌসুমের জন্য। আর মিনহাজের দাম তখন বাড়তে থাকে চড়চড়িয়ে। পল্টনের উডেনফ্লোর জিমনেসিয়ামে অনুশীলনের ফাঁকে মিনহাজ বলছিলেন, ‘শীতের সময় যা আয় করি, তা দিয়েই সারা বছর সংসার চালাই।’
মাকে নিয়ে রাজধানীতে ভাড়া বাড়িতে থাকেন। কিন্তু নিজের একার উপার্জনে সংসারটা ঠিকমতো চলত না। বাধ্য হয়ে খেলার পাশাপাশি মহাখালীতে একটি পাঞ্জাবির শো-রুমে বিক্রয়কর্মীর চাকরি নেন। কিন্তু খেলার টানে চাকরিটা শেষ পর্যন্ত ছেড়ে দেন মিনহাজ। বললেন, ‘চাকরি করে খেলার সময় পেতাম না। ক্লান্ত শরীরে অনুশীলন করতেও ইচ্ছা করে না। তাই চাকরিটা ছেড়ে দিলাম।’
সর্বশেষ সামার ওপেনে চ্যাম্পিয়ন হন মিনহাজ। হারিয়েছেন বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন এনামুল হককে। থাইল্যান্ড ও ভারতে এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টনে অংশ নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি পরা হয়নি। ‘আমি চাই দেশের হয়ে দক্ষিণ এশিয়ান গেমসে খেলতে। বাংলাদেশের জন্য সোনার পদক জিততে’—বললেন আত্মবিশ্বাসী মিনহাজ। কিন্তু ফেডারেশন থেকে সেভাবে সহযোগিতা পান না। একটা ভালো মানের র্যাকেটের দাম ২০-২২ হাজার টাকা। যে কর্ক দিয়ে খেলেন, এর প্রতিটির দাম ২০০ থেকে ২৫০ টাকা। এসবই নিজের জমানো টাকায় কিনতে হয়।
পড়াশোনাটা আবারও শুরু করবেন মিনহাজ। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইচ্ছা আছে। তবে সবচেয়ে বড় ইচ্ছা বাংলাদেশের হয়ে অলিম্পিকে খেলা, ‘একদিন আমি অলিম্পিকে খেলতে চাই।’
যে বয়সের ছেলেরা সাকিব, তামিম হওয়ার স্বপ্ন দেখে, ক্রিকেট খেলে আয় করতে চায়; সে বয়সে মিনহাজ যেন উজ্জ্বল ব্যতিক্রম। দেশের অবহেলিত এই খেলা দিয়েই জীবনযুদ্ধে টিকে আছেন। এই ব্যাডমিন্টন খেলেই আকাশ ছুঁতে চান মিনহাজ!