
কক্ষে ঢোকার প্রবেশপথে একটি চৌকি। ভেতরে আছে আরও ১০-১২টি। আশপাশে ঝুলছে কক্ষের বাসিন্দাদের ব্যবহৃত কাপড়চোপড়। কক্ষে ঢুকলে চোখে পড়বে শরীরচর্চার কিছু পুরোনো সরঞ্জামও। এই দৃশ্য দেখে যে কেউ ধন্ধে পড়তে পারেন যে এটি মেস, নাকি শরীরচর্চাকেন্দ্র।
এই অবস্থা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) শহীদনগর কমিউনিটি সেন্টার শরীরচর্চাকেন্দ্রের।
জানা গেছে, সিটি করপোরেশনের উদ্যোগে নব্বইয়ের দশকে লালবাগের রাজ নারায়ণ ধর রোডের শহীদনগর কমিউনিটি সেন্টার স্থাপন করা হয়। সে সময় সেন্টারের পেছনের আরেকটি একতলা ভবনে শরীরচর্চাকেন্দ্র করা হয়। ২০০৯ সালে কমিউনিটি সেন্টারে লালবাগ থানার কার্যক্রম চালু হয়। এর প্রায় দুই বছর পর পুলিশ ও আনসারের সদস্যরা শরীরচর্চাকেন্দ্রে থাকতে শুরু করেন।
জানা গেছে, শরীরচর্চাকেন্দ্রের কার্যালয় ও ব্যায়াম করার জায়গায় থাকেন পুলিশ ও আনসারের ২৫-৩০ জন সদস্য। শরীরচর্চাকেন্দ্রের সদস্যদের পোশাক পরিবর্তনের দুটি কক্ষে থাকেন পুলিশের চারজন উপপরিদর্শক (এসআই)।
ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশাররফ হোসেন বলেন, থানার জন্য কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়া হলেও শরীরচর্চাকেন্দ্রের জায়গা ভাড়া নেওয়া হয়নি। প্রথমে পুলিশ ও আনসারের অল্প কয়েকজন সদস্য এখানে থাকা শুরু করেন। পরে এই সংখ্যা বেড়েছে। বর্তমানে শরীরচর্চাকেন্দ্রের বেশির ভাগ জায়গাই তাঁরা ব্যবহার করছেন। তিনি বলেন, ‘কমিউনিটি সেন্টার ও শরীরচর্চাকেন্দ্রের জায়গা খালি করে দিতে আমরা অনেকবার বলেছি। কিন্তু তাদেরও জায়গা প্রয়োজন। তিনি বলেন, ‘শুনেছি, থানার জন্যও জায়গা কেনা হয়েছে। ছয় মাসের মধ্যে কমিউনিটি সেন্টার ও শরীরচর্চাকেন্দ্র জায়গা ফিরে পাবে বলে আশা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এখানে আর কত দিন থানা এবং পুলিশ-আনসারের সদস্যরা থাকবে, তা বলতে পারছি না। থানার জন্য জায়গা কেনা হয়েছে। তবে কবে নাগাদ সেখানে থানা স্থানান্তরিত হবে, সেটা আমি জানি না।’
পুলিশ ও আনসারের সদস্যরা শরীরচর্চাকেন্দ্রের ভেতর থাকলেও কেন্দ্রের কার্যক্রমে প্রভাব পড়ছে না বলে মনে করেন ওসি।
২০০৮ সাল থেকে শহীদনগর কমিউনিটি সেন্টার শরীরচর্চাকেন্দ্র দেখাশোনার দায়িত্বে আছেন আবদুর রাজ্জাক। তিনি প্রশিক্ষক হিসেবেও কাজ করেন। আবদুর রাজ্জাক জানান, কেন্দ্রের সদস্য হতে লাগে ২২০ টাকা। প্রতিমাসে দিতে হয় ২০ টাকা করে। সদস্য হওয়ার সময় জমা দিতে হয় জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের অনুলিপি, সঙ্গে ছবি। আরও দিতে হয় একটি নিবন্ধিত ফোন নম্বর।
কেন্দ্র সূত্র জানায়, কেন্দ্রের নিবন্ধিত সদস্য ৭৩ জন। তবে নিয়মিত আসেন ২০-২৫ জন।শরীরচর্চার উপযোগী পরিবেশ না থাকায় নতুন কোনো সদস্য ভর্তি হন না। কেন্দ্রে কোনো নিরাপত্তারক্ষী ও পরিচ্ছন্নতাকর্মী নেই। প্রশিক্ষণ ও তত্ত্বাবধানের কাজে থাকা ব্যক্তি পরিচ্ছন্নতার কাজ করেন।
আবদুর রাজ্জাক জানান, কেন্দ্রের সব সরঞ্জামই পুরোনো। অনেকগুলো নষ্ট হয়ে গেছে। সচলগুলো দিয়ে কোনোমতে কেন্দ্র চালু রাখা হয়েছে। তিনি বলেন, নষ্ট যন্ত্রগুলো অল্প খরচেই ঠিক করে ফেলা যায়, কিন্তু রাখার জায়গা নেই বলে ঠিক করা যাচ্ছে না।
ডিএসসিসির ৩ নম্বর অঞ্চলের সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘শরীরচর্চাকেন্দ্রটি খালি করে দেওয়ার জন্য পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। পুলিশ বলছে, জায়গা হলে তারা চলে যাবে। কিন্তু সেটা কবে নাগাদ হবে তা জানি না।’ তিনি জানান, কেন্দ্রের জন্য নতুন সরঞ্জাম কেনার প্রক্রিয়া চলছে।