ব্যয় কমিয়েও স্বাস্থ্য ভালো রাখা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্থ থাকা ও দীর্ঘ জীবনলাভের ক্ষেত্রে চিকিত্সাসেবার অবদান খুব বেশি নয়। চিকিত্সাসেবার জন্য মানুষ যে ব্যয় করে, তার অনেকটাই অপচয় হয়। তবে সচেতন হলে ব্যয় কমিয়েও স্বাস্থ্য ভালো রাখা যায়। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আর্থার গার্সন ‘যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা নিয়ে প্রচলিত বিশ্বাস ও উন্নয়নশীল দেশগুলোর শিক্ষা’ শীর্ষক বক্তৃতায় এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশেষ বক্তৃতার আয়োজন করে।আর্থার গার্সন বলেন, স্বাস্থ্যসেবা ও চিকিত্সাসেবা পৃথক দুটি বিষয়। মার্কিনদের গড় আয়ু বৃদ্ধিতে চিকিত্সাসেবার অবদান মাত্র ১০ শতাংশ। এ ক্ষেত্রে জীবনযাপন পদ্ধতির অবদান ৪০ শতাংশ। বংশগতি ও জনস্বাস্থ্য কর্মকাণ্ডের অবদান যথাক্রমে ৩০ ও ২০ শতাংশ।আর্থার গার্সন বলেন, যুক্তরাষ্ট্রে চিকিত্সাসেবার ক্ষেত্রে বছরে ৭০০ বিলিয়ন ডলার অপচয় হয়। খাদ্যাভ্যাস, ঘন ঘন চিকিত্সকের কাছে যাওয়া, অহেতুক পরীক্ষা-নিরীক্ষা, জীবনের শেষ দিকে বেশি ব্যয় ইত্যাদি এসব অপচয়ের মূল কারণ। তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বিনা কারণেও অনেকে অনেকের বাইপাস সার্জারি করেন।মার্কিন জনস্বাস্থ্যবিদ আরও বলেন, চিকিত্সাব্যয় কমানোর জন্য নির্দেশনা মেনে চিকিত্সকের ফি নির্ধারণ যেমন জরুরি, তেমনি রোগীরা কখন কেন চিকিত্সকের কাছে যাবে, তারও দিকনির্দেশনা দরকার। তিনি বলেন, রোগীর তথ্য কাগজপত্রে না রেখে ইলেকট্রনিক-ব্যবস্থায় রাখলে খরচ কমবে।প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, রোগীর জন্য কে সঠিক চিকিত্সক, তা জানা খুব জরুরি। কোনো কোনো সময় একজন চিকিত্সক বা সেবিকা, কখনো স্বাস্থ্যকর্মী বা নিকটজন এই চিকিত্সকের ভূমিকা পালন করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণগোপাল দত্ত ও সহ-উপাচার্য অধ্যাপক আনিসুল হক।