ব্রিটিশ কাউন্সিলে দুই দিনের শিক্ষা মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে গতকাল শনিবার দুই দিনের এক শিক্ষামেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ মেলায় সবার অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এডেক্সেল এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ যৌথভাবে ‘এডেক্সেলস বিটেক এডুকেশন ইউকে মেলা’ শীর্ষক এই মেলার আয়োজন করেছে। মেলায় ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ইংরেজিমাধ্যমের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, যুক্তরাজ্যের কর্মমুখী শিক্ষাপদ্ধতি ‘বিটেক ডিগ্রি’ সম্পর্কে বিস্তারিত তথ্য মেলায় পাওয়া যাবে। গতকাল মেলার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশানার রবার্ট গিবসন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক রোজমেরি আরনট, এডেক্সেলের পরিচালক ইসাবেল সাকলিয়, শাহীন রেজা উপস্থিত ছিলেন।