ব্রিটিশ শাসনের আগে এ দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আয়োজিত বিশেষ বক্তৃতায় ড. নিতীশ সেনগুপ্ত বলেছেন, ঐতিহাসিকভাবে ব্রিটিশরাজ শাসনের আগে এ দেশে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা ছিল না। ১৯২৬ সালে সর্বপ্রথম দাঙ্গা হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এ দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।‘বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া অ্যাট ক্রস রোডস: এ হিস্টোরিক্যাল ইভ্যালুয়েশন’ শীর্ষক স্মারক বক্তৃতায় ড. নিতীশ সেনগুপ্ত এ কথা বলেন। গত রোববার সোসাইটি মিলনায়তনে ওই বক্তৃতা অনুষ্ঠানে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। ভারত থেকে আসা শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ড. নিতীশ সেনগুপ্ত বলেন, ‘১৯৪১ সালের আগে বাংলার মুসলমানদের মধ্যে মুসলিম লীগ এবং পাকিস্তান প্রসঙ্গ খুব একটা আবেদন সৃষ্টি করতে পারেনি। কংগ্রেস এ কে ফজলুল হকের সঙ্গে কোয়ালিশন সরকার গঠন করতে অস্বীকৃতি জানায়। এদিকে কোয়ালিশন সরকারই ছিল হক সাহেবের অগ্রাধিকার।’ এটা বড় ধরনের ভুল উল্লেখ করে তিনি বলেন, হক সাহেব মুসলিম লীগের দিকে ঝুঁকে পড়লেন তাঁর কর্তৃত্ব বজায় রাখার জন্য।নিতীশ বলেন, দেশ বিভাগের পর পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে পাকিস্তানের প্রতি মোহ কমে আসে এবং তাঁরা পশ্চিম পাকিস্তানের আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, বাংলাকে প্রধান ভাষা হিসেবে স্বীকৃতি দাবি করে। এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা ভাসানী পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন। সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তি আন্দোলনের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, জাতীয় অধ্যাপক সালাহউদ্দিন আহমেদসহ ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এবং দেশের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।